আজিমপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা
আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় ৫০টির বেশি স্টলে ডিজিটাল ও অনলাইন সেবা প্রদর্শন করা হচ্ছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া মেলার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় ঢাকা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। মেলার প্রথম দিন আটটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।
মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান, মুক্তপাঠ, বৈজ্ঞানিক সরঞ্জাম, শিক্ষক বাতায়ন, সহজ গণিতের উপকরণে নিয়ে মেলায় স্টল সাজায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বিসিএসআইআর স্কুল, ধানমন্ডি গভ. বয়েজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।
মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্ভাবনী ও ডিজিটাল সেবা প্রদর্শন করা হচ্ছে। সহজ ডটকম, বিক্রয় ডটকম, রকমারি ডটকম, বাসবিডি ও লঞ্চবিডি ডটকম, সুন্দরবন ডিজিটাল এক্সপ্রেস, ঝাক্কাস ডটকম, সোনার কুরিয়ার, চালডাল ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা প্রদর্শন করছে।
এ মেলার মাধ্যমে জনগণ তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও বেশি আগ্রহী হবে এবং সরকারি-বেসরকারি অনলাইন ও ইনোভেটিভ সেবা নিয়ে ধারণা তৈরি হবে বলে জানিয়েছেন মেলার আয়োজকেরা। মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা এবং আজিমপুর গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রফেসর নাসিমা বানু।