আট ইঞ্চি আইপ্যাড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপ্যাডের একটি আট ইঞ্চি মাপের সংস্করণ তৈরি করছে অ্যাপল। আর এ পণ্যটির যন্ত্রাংশ তৈরি করতে কাজ করছে এশিয়ার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অ্যাপলের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বরাতে আইপ্যাডের এ নতুন সংস্করণের তথ্য দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। অ্যাপলের পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আট ইঞ্চি মাপের ডিসপ্লে দেখিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। বর্তমানে বাজারে থাকা আইপ্যাড ২-এর মাপ ৯.৭ ইঞ্চি। আট ইঞ্চি মাপের আইপ্যাড সংস্করণটির রেজুলেশন হবে আইপ্যাড ২-এর মতো। নতুন এ ডিভাইসটি তৈরি করতে অ্যাপল তাইওয়ানভিত্তিক এইউ অপট্রনিকস কোম্পানি ও দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান এলজি ডিসপ্লে কোম্পানির সঙ্গে কাজ করছে।এদিকে তাইপের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল ছোট আকারের ডিভাইসের প্রতি আগ্রহী নয়, এমন তথ্য জানিয়েছিলেন অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস। তবে বাজারে এখন পাঁচ ইঞ্চি এবং সাত ইঞ্চি মাপের বিভিন্ন ট্যাবলেট চলে এসেছে। তাই অ্যাপলকে বাজার ধরে রাখতে হলে ছোট আকারের ট্যাবলেট তৈরি করতে হবে। এ কারণেই ছোট ট্যাবলেটের বাজার যাচাই করছে প্রতিষ্ঠানটি। আট ইঞ্চি মাপের এ ট্যাবলেট হবে সাশ্রয়ী। আইপ্যাডের ফিচার যথেষ্টই ভালো হলেও চীন ও ভারতের মতো দেশগুলোতে আইপ্যাডের দাম সাধারণের নাগালের বাইরে। আইপ্যাডের পরবর্তী সংস্করণ আইপ্যাড ৩ মার্চের ৭ তারিখে বাজারে আসছে। সম্প্রতি এ তথ্য দিয়েছে হাফিংটন পোস্ট। আইপ্যাড তিন বাজারে আনার পরই আট ইঞ্চি বা তার চেয়েও ছোট আকারের আরেকটি আইপ্যাড সংস্করণ বাজারে ছাড়তে পারে অ্যাপল। বরাবরের মতো অ্যাপল কর্তৃপক্ষ এ গুজব নিয়েও মুখ খোলেনি।