আট কোটি টাকা ব্যয়ে হবে এবারের ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তথ্যপ্রযুক্তির বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫-এর পরিসর গত বছরের চেয়ে বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার এই আয়োজনের জন্য সরকার আট কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গত বছরের ডিজিটাল ওয়ার্ল্ডে খরচ হয়েছিল ৭ কোটি ২২ লাখ টাকা। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে চলবে চার দিনের এ আয়োজন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা ভাষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি। এ জন্য পাঁচজন ভাষাশহীদের নামে পাঁচটি জোন তৈরি করছি, যেখানে তাদের অবদান উপস্থাপন করা হবে। এবার প্রথমবারের মতো বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে।’ এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে কয়েকটি দেশের অংশগ্রহণে ‘মিনিস্ট্রিয়াল সামিট’-এর আয়োজন করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, এ সামিটে ২৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ডিজিটাল ওয়ার্ল্ডে ১২টি বিভাগে বিভিন্ন জোন ও কর্নার থাকছে। এবার হবে বিপিএম (বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট) ফোরাম। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এ ফোরাম বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ আয়োজনেই প্রবর্তিত হচ্ছে জাতীয় আইসিটি পুরস্কার। ১১টি বিভাগে প্রাথমিকভাবে ৫৯টি পুরস্কার থাকছে।
—রাহিতুল ইসলাম