আট কোরের ডেস্কটপ প্রসেসর আনল ইনটেল

ডেস্কটপ পিসির পারফরমেন্সের দিকে এবার আরও বেশি গুরুত্ব দিল চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। প্রথমবারের মতো আট কোরের হ্যাসওয়েল-ই প্রসেসর উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত প্যাক্স ভিডিও গেম সম্মেলনে চতুর্থ প্রজন্মের ইনটেল কোর আই ৭ প্রসেসর উন্মু্ক্ত করেছে ইনটেল।
ইনটেলের তৈরি নতুন এক্স ৯৯ সিরিজের মাদারবোর্ড চিপসেটের সঙ্গে কাজ করবে হ্যাসওয়েল-ই কোর আই৭ প্রসেসরগুলো। ডিডিআর ফোর র্যাম এবং সর্বোচ্চ চারটি গ্রাফিকস কার্ড সমর্থন করবে এটি। মূলত গেমারদের কথা মাথায় রেখেই এই প্রসেসর এনেছে ইনটেল।
ইনটেলের ডেস্কটপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিজা গ্রাফ এ প্রসঙ্গে বলেন, ‘ডেস্কটপের নতুনত্বের ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ঘোষণা দিতে পেরে আমরা রোমাঞ্চিত। এই ফ্যামিলির প্রসেসরগুলো তাঁদের জন্য যাঁরা অন্যদের সিস্টেমের চেয়ে নিজেকে এগিয়ে থাকতে দেখতে চান। আমরা গতি, কোর, ওভারক্লকিং ও প্ল্যাটফর্ম সক্ষমতা দিয়ে তাদের পাশে দাড়াচ্ছি।’
হ্যাসওয়েল-ই প্রসেসরটির ৮-কোর ভার্সনের পাশাপাশি ৬-কোর সংস্করণ পাওয়া যাবে বাজারে। ৮-কোর সিপিউইটি হল কোর আই৭-৫৯৬০এক্স। ৩.০ গিগাহার্টজ, ১৬ থ্রেড এর সিপিউই হলেও সর্বোচ্চ ৩.৫ গিগাহার্টজ পর্যন্ত প্রসেসরের গতি পাওয়া যাবে এতে।
ইনটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগের ফ্ল্যাগশিপ প্রসেসরের তুলনায় নতুন এই প্রসেসরগুলো ভিডিও সম্পাদনার ক্ষেত্রে বেশি গতি পাওয়া যাবে। এ বছরেই নতুন প্রজন্মের এই প্রসেসর বাজারে আসবে।