আট লাখ 'আলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে অংশ নিচ্ছে এদের মতো অসংখ্য শিক্ষার্থী। ছবি: বিশ্বসাহিত্য কেন্দ্রের সৌজন্যে
বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে অংশ নিচ্ছে এদের মতো অসংখ্য শিক্ষার্থী। ছবি: বিশ্বসাহিত্য কেন্দ্রের সৌজন্যে

রেহানা ঢাকার সাভারের কাঠগড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। ক্লাসের পাঠ্যবইয়ের পাশাপাশি দীপু নম্বর টু, লা মিজারেবল, রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ, শেখ সাদীর গল্প, গ্রিম ভাইদের সেরা রূপকথা, রিডিং ফর প্লেজার—এসব বই তার পড়া। বই পড়ে ষষ্ঠ শ্রেণীতে পুরস্কারও পেয়েছিল। এর পর থেকে শিক্ষকেরাও ভিন্নভাবে মূল্যায়ন করেন তাকে। রেহানা যখন কথাগুলো বলছিল, তার চোখে খেলা করছিল খুশির ঝিলিক। তার কথাতেও পাওয়া গেল খুশির সেই রেশ—বলল, ‘বইগুলো পড়ে আমার জগৎই যেন বড় হয়ে গেছে।’হ্যাঁ, রেহানার মতো আরও অনেক শিক্ষার্থীর জগৎকে বড় করে তুলেছে সেকায়েপ (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচি। ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ নামের এ কর্মকাণ্ড এখন চলছে সারা দেশের ১২৫টি উপজেলার সাত হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে।‘আলোকিত মানুষ চাই’ স্লোগান নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে। মন ও বয়সের উপযোগী সুখপাঠ্য বইগুলো আরও দ্রুত সময়ের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে ২০১০ সাল থেকে সেকায়েপ প্রকল্পের অধীনে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। প্রথমে কর্মসূচির সদস্যসংখ্যা ছিল এক লাখ। এরপর উত্তরোত্তর বেড়েছে সদস্য। এ বছর প্রায় আট লাখ শিক্ষার্থী এ কর্মসূচিতে বই পড়ার সুযোগ পাচ্ছে।ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচ বছরে এই কর্মসূচিতে একজন শিক্ষার্থী ৮৫টি ভালো বই পড়ার সুযোগ পায়। আবার বই পড়ার পর আছে পুরস্কারের ব্যবস্থাও। শিক্ষার্থীরা বই পড়ার পর মূল্যায়নের ভিত্তিতে তাদের জন্য রয়েছে চার ক্যাটাগরির পুরস্কার। ইতিমধ্যে কেন্দ্রের মাধ্যমে সেকায়েপ প্রকল্প ১২৫টি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ কপি কর্মসূচির বই এবং পুরস্কার হিসেবে সাত লাখ কপি বই বিতরণ করেছে। তবে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বিশেষত্ব হলো, এখানে বাংলা বইয়ের পাশাপাশি রয়েছে ইংরেজি বই। সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদমান। এই কর্মসূচির সদস্য হয়ে এরই মধ্যে সে পড়েছে রিডিং ফর প্লেজার সিরিজের ইংরেজি বইগুলো। ‘এই বই আমার ইংরেজি শিক্ষার ক্ষেত্রেও সহায়ক হয়েছে। মোট কথা, সেকায়েপ প্রকল্পে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ে আমি যেমন পেয়েছি ভালো সাহিত্যের স্বাদ, তেমনি বইগুলো আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও দারুণ সহায়তা দিয়েছে।’—সেকায়েপ প্রকল্পে বইপড়া সম্পর্কে এ হলো সাদমানের ভাষ্য।

তবে কেবল শিক্ষার্থীরা নয়, এ কর্মসূচি নিয়ে উচ্ছ্বসিত শিক্ষকেরাও। কাঠগড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক তমিদ উদ্দিন সরকার বলেন, এ কর্মসূচিতে শিক্ষার্থীরা দ্রুততম সময়ে অনেক ভালো ভালো বই পড়ার সুযোগ পাচ্ছে। মূল্যায়নে অংশ নিয়ে পুরস্কার জিতছে। সাম্প্রতিক সময়ে চালু হওয়া সৃজনশীল পদ্ধতির পড়াশোনার ক্ষেত্রেও এসব বই পড়া অনেক কাজে লাগবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের নানা কর্মসূচির মধ্যে সেকায়েপ প্রকল্পের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে যেন জ্বেলেছে অন্য এক আলো। সাভারের রেহানা ও সাদমানের চোখমুখের উজ্জ্বল অভিব্যক্তি অন্তত সে কথাই বলে।