
কদিন পর বন্ধুর বড় ভাইয়ের বিয়ে। একটু চমকে দিতে চান সবাইকে? করতে চান ভিন্ন কিছু। অনেক দিন ধরেই চর্চা করছেন গিটার দিয়ে। গানের গলাও মন্দ নয়। গান গাইলে কেমন হয়। কিন্তু একা! তাহলে দলেবলে তো গান করাই যায়। ক্লাসের অন্যদের মাঝে খোঁজ করলেন, কে কী বাজাতে পারে। হয়ে গেল ছোট্ট একটি ব্যান্ড দল। অনেকের মতো তাহমিদরা এভাবেই শুরু করেছিলেন তাঁদের ব্যান্ড দল। তবে এর ভবিষ্যৎ কী, তা নিয়ে অবশ্য তাঁরা চিন্তিত নন। তরুণ বয়সে ব্যান্ড দল গড়ার নেশা নিয়ে মুখোশের গল্পই শোনা যাক। রাফিজ ও মুন্না ঢাকা কলেজে পড়তেন। পাশেই সায়েন্স ল্যাব মোড় থেকে একটি গিটার কিনলেন মুন্না। এর পর থেকে কলেজ ক্যানটিন কিংবা বাস্কেটবলের মাঠের পাশেই নিয়মিত টুংটাং। একসময় কলেজ শেষ। র্যাগ ডের আগে মনে হলো মঞ্চে একটা গান করলে মন্দ হয় না। এভাবেই জ্যামিং শুরু করেন দুজন। র্যাগ ডেতে গান গেয়ে দুজন তখন পুরো হিট। এরপর দিন যায়। বাড়ির গ্যারেজে কিংবা ছাদে নিয়মিত চলে আড্ডা আর জ্যামিং। যোগ দেন অনেক বন্ধু। এর মধ্যে টিকে যান মুর্তাজা, আলভি আর নিপু। এভাবেই গড়ে উঠল ব্যান্ড মুখোশ। তাঁরা এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন।
ব্যান্ডদল আর্টসেলের বেজিস্ট সেজান বলেন, ‘আর্টসেলের জন্মও বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে। আমি আর সাজু একসঙ্গে কলেজে পড়তাম। লিংকন আর এরশাদ একসঙ্গে কোচিং করত। কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, গান-বাজনা। এভাবেই জন্ম আর্টসেলের।’ সেজান মনে করেন, এভাবে বন্ধুদের মধ্যে ব্যান্ডদল করলে বোঝাপড়াটা ভালো হয়। দীর্ঘদিন একসঙ্গে থাকতে, গান-বাজনা করতে সুবিধা হয়। গান পছন্দ করতেও সুবিধা। আবার ব্যান্ডদল না থাকলেও অন্যের সঙ্গে এই মিলিয়ে চলার ক্ষমতা ভবিষ্যতেও কাজে দেয়।
শুধুই কি গান? অন্য কী থাকে এসব ব্যান্ডে? কেমন লাগে একসঙ্গে গান করতে? দিশা বললেন, ‘কখনো কখনো গানের চেয়ে আড্ডা বেশি হয়। মন চাইলে ঘুরতে গেলাম, কিংবা নির্ভেজাল আড্ডা দিলাম। হয়তো সারা রাত কাটিয়ে দিলাম লিওনার্দো ডি ক্যাপ্রিওর নতুন ছবি দেখে অথবা বব মার্লে-জিম মরিসন, জেমস-বাচ্চুর গান শুনে।’ জীবনটা অনেক বর্ণিল মনে হয় তখন। শুধুই কি আড্ডা আর মজা? মনোমালিন্য হয় না? ‘হয় না আবার! পথ চলতে গেলে না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু ওই যে সবার কমন গ্রাউন্ড—গান। গানই আবার সবাইকে একসঙ্গে করে দেয়।’ বলছিলেন চিলেকোঠা ব্যান্ডের ব্যবস্থাপক দিশা।
তবে সবচেয়ে বড় ঝামেলাটা হয় চর্চা করার জায়গা নিয়ে। সে ক্ষেত্রে বন্ধুর বাসার গ্যারেজ বা বন্ধ রুমই মূল ভরসা। চর্চার মাঝে আন্টির বানানো গরম শিঙাড়া কিংবা আঙ্কেলের ঝাড়ি—যেকোনোটাই জুটতে পারে। তবে অঞ্জন দত্তের ম্যাডলি বাঙালি ছবিটা দেখা আছে তো? ও-রকম একটা ববির গ্যারেজ জুটিয়ে নিতে পারলে কোনো তুলনা হয় না। কে জানে, আজকের এই ছোট্ট পাড়ার ব্যান্ডটাই একদিন মাতিয়ে দেবে সারা দেশ!