
এখানে দুটি দিকই আছে বলে আমার মনে হয়। তরুণদের কিছু অংশ আগের চেয়ে অনেক বেশি সামাজিক কাজে অংশ নিচ্ছে। আবার আরেক অংশ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। মুঠোফোন, কম্পিউটার ও সামাজিক যোগাযোগের নানা মাধ্যমের ফলে এটা ঘটছে। আমরা যদি একটা পরিবারে যাই, তাহলে দেখব সেখানে চারজন মানুষ থাকলে চারজন মুঠোফোনে চারভাবে ব্যস্ত। পরিবারের মধ্যেও পারস্পরিক যোগাযোগ কমে গেছে। তাই আত্মকেন্দ্রিক হওয়ার জন্য পরিবারও সমানভাবে দায়ী। অনেক অভিভাবক চান সন্তান সবকিছুতেই প্রথম হোক। সারাক্ষণ একটা প্রতিযোগিতার মুখে ঠেলে দেওয়া হয় সন্তানকে। ফলে ছোটবেলা থেকেই সে নিজেকে গুটিয়ে নিচ্ছে শুধু নিজের লাভের কথা ভেবে।
আবার আমাদের তরুণেরাই রানা প্লাজাধসের পরে উদ্ধারকাজে মুখ্য ভূমিকা রেখেছেন। নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এই সময়ের তারুণ্য। তাই সব ধরনের প্রতিযোগিতা বা প্রথম হওয়ার প্রথা তুলে দিলে আমাদের তরুণেরা আরও বেশি দেশ বা সমাজ নিয়ে ভাববেন।
মাহমুদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, রকমারি ডটকম