আত্মপ্রচারের বিকল্প উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

সম্প্রতি নিজেদের সাফল্য প্রচারের জন্য সরকার কিছু বিলবোর্ড লাগিয়েছিল। তাদের এই কর্মকাণ্ডের জন্য চারদিকে বয়ে গেছে আলোচনা-সমালোচনার ঝড়। সরকার ইচ্ছে করলেই আত্মপ্রচারের জন্য বিলবোর্ড ব্যবহার না করে অন্য কিছু উপায় গ্রহণ করতে পারত। আত্মপ্রচারের তেমনই কিছু বিকল্প উপায় দেখাচ্ছেন আশিকুর রহমান

হকার ভাড়া করা
পথেঘাটে বিচিত্র কণ্ঠে হকাররা নানা জিনিস বিক্রি করে। সরকার ইচ্ছে করলেই এমন কিছু হকার ভাড়া করতে পারত। তাদের কাজ হতো রাস্তার মোড়ে মোড়ে প্রতিদিন দাঁড়িয়ে সরকারের গুণকীর্তন করা। উন্নয়নের গল্পগুলো কেউ প্রচার করত উচ্চকণ্ঠে, কেউ বা সুরেলা কণ্ঠে। সাধারণ জনগণ বাধ্য হতো সরকারের উন্নয়নের গল্প শুনতে। আর যা-ই হোক, কান চেপে তো রাস্তায় হাঁটা যায় না। অপর দিকে হকারদের কর্মসংস্থান নিশ্চিত হতো কিছুদিনের জন্য হলেও।

 ওয়েলকাম টিউন

মোবাইল কোম্পানির বদৌলতে অনেকেই ওয়েলকাম টিউন সেট করে মোবাইলে। কেউ ফোন করলেই শুনতে পায় গান, কবিতাসহ কত কিছু। সরকার ইচ্ছে করলেই আত্মপ্রচারের কথাগুলো ওয়েলকাম টিউন হিসেবে বাজারে ছাড়তে পারত। সবাইকে আদেশ দেওয়া হতো ওয়েলকাম টিউনগুলো নিজের ফোনে সেট করতে। এ যুগে মানুষ একে অপরকে ফোন না করে থাকতে পারে না। ফলে যখনই কেউ কাউকে ফোন করত, আরামসে শুনতে পারত উন্নয়নের কথাগুলো।

চাঁদের বুকে বিলবোর্ড

আমাদের দেশে কিছু মানুষ অনেক সময় চন্দ্রপৃষ্ঠে কারও কারও মুখ দেখতে পায়। কী করে চাঁদের বুকে মানুষের মুখ দেখানো যায় সে উপায় নিশ্চয়ই তাদের জানা। সরকার তাদের সঙ্গে যোগাযোগ করলেই পারত। ফলে ঢাকা শহরে আর বিলবোর্ড না লাগিয়ে সরাসরি চাঁদে লাগানো যেত। আকাশে চাঁদ উঠলে মানুষ বিমুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। ফলে চাঁদে বিলবোর্ড স্থাপন করলে বাংলাদেশসহ দুনিয়ার সব মানুষ দেখতে পারত সরকারের উন্নয়নের প্রচার।

অনলাইনে প্রচারণা

সবচেয়ে সহজ আর প্রচলিত এক পন্থা। বর্তমান সমাজে অনেক মানুষের সময় কাটে অনলাইনে। একটু টাকাপয়সা খরচ করলেই ফেসবুকের বিভিন্ন পেজ অ্যাডমিন কিংবা স্ট্যাটাসদাতারা সারা দিন ধরে প্রচার করত সরকারের সফলতার গল্পগুলো। কখনো সেগুলো আসত স্ট্যাটাস আকারে, কখনো বা ছবির মধ্য দিয়ে। কেউ কেউ হয়তো বিলবোর্ডে লাগানো ছবিগুলো ব্যবহার করত প্রোফাইল পিকচার কিংবা কভার ফটো হিসেবে। অনলাইনে বসে থাকা মানুষগুলো সেগুলো দেখত প্রতিনিয়ত। উপরন্তু কেউ বিন্দুমাত্র সমালোচনাও করতে পারত না।

পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত

শিক্ষা কিংবা পাঠ্যপুস্তক নিয়ে আমাদের দেশে কম পরীক্ষা-নিরীক্ষা হয় না। এ বছরের জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যেত বিলবোর্ডের কথাগুলোকে। শিক্ষকেরা পড়াতেন সেগুলো সারা বছর ধরে। শিক্ষার্থীরা সারা বছর জোরে জোরে পড়ত সরকারের আত্মপ্রচারের কথা। অহেতুক বিলবোর্ডের ঝামেলায় যেতে হতো না। সারা দেশে সরকারের উন্নয়নের কথাগুলো ছড়িয়ে যেত খুব সহজে।