এটা জেনে রাখা দরকার যে সৃজনশীল প্রশ্ন-পদ্ধতিতে কোনো প্রশ্নই হুবহু কমন পড়বে না। এ পদ্ধতিতে এমন সব প্রশ্ন করা হয়, যার উত্তর মুখস্থ করে দিতে পারবে না। উত্তর দিতে হবে ভেবে, চিন্তা করে, নিজের বুদ্ধি, মেধা ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে। এর জন্য নিজেকে তৈরি করা দরকার। আর সেটা এক দিনে সম্ভব নয়। সারা বছর পাঠ্যবইটি ভালোভাবে পড়াশোনার পাশাপাশি পাঠ্যবইয়ে পরিবেশিত বিভিন্ন ঘটনাবলি, নিয়মনীতি, বিধি বা পদ্ধতি, তত্ত্ব বা সূত্রকে বাস্তবজীবনের ঘটনাবলির সঙ্গে মিলিয়ে দেখার কথা ছিল। পাঠ্যবইয়ের এসব বিষয়াদি নিজের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করে তা শেখার কথা ছিল। পাঠ্যবইয়ে সীমিত গণ্ডির বাইরে এসে পঠিত বিষয়বস্তুকে বৈশ্বিক আঙ্গিকে/বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখা, স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করা; অন্যের মতকে যৌক্তিকভাবে গ্রহণ ও বর্জনের পাঠাভ্যাস গড়ে তোলার কথা ছিল। যদি ওপরে বর্ণিত কার্যাদি একজন পরীক্ষার্থী হিসেবে তুমি সম্পন্ন করে থাকো, তাহলে বলতে পারি, তুমি এমন আত্মবিশ্বাস রাখো যে পরীক্ষার প্রশ্ন যা-ই হোক, তুমি সঠিক উত্তর লিখতে পারবে এবং সর্বোচ্চ গ্রেড পয়েন্ট লাভ করবে।
অনেক সময় ভালো প্রস্তুতি থেকেও পরীক্ষার হলে গিয়ে উত্তর লেখার ক্ষেত্রে কিছুটা অসুবিধার মুখে পড়তে হয়। যেমন নির্দিষ্ট সময়ে সব কটি প্রশ্নের উত্তর লিখতে না পারা, নির্দিষ্টসংখ্যক প্রশ্ন সঠিকভাবে বাছাই করতে না পারা ইত্যাদি। এর জন্য আগ থেকে সতর্ক হতে হবে। কোনো একটি প্রশ্নের উত্তর অনেক দীর্ঘ করে নিজেকে পরীক্ষকের কাছে খুব ভালো ছাত্র প্রমাণ করার দরকার নেই। তাছাড়া সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর লেখার ক্ষেত্রে সর্বোচ্চ কয়টি বাক্য হবে তার একটা সীমারেখা বেঁধে দেওয়া আছে। যেমন ‘ক’ অংশের জন্য এক থেকে তিনটি বাক্য। ‘খ’ অংশের জন্য পাঁচটি বাক্য। ‘গ’ অংশের জন্য ১২টি বাক্য এবং ‘ঘ’ অংশের জন্য ১৫টি বাক্য। অবশ্য কোনো কোনো বিষয়ে প্রমাণাদি সম্পন্ন করার জন্য আরও অধিক বাক্য লেখা যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে টু দ্য পয়েন্ট। সে জন্য উত্তর লেখার ক্ষেত্রে বাহুল্য পরিত্যাজ্য; আবার অতি সংক্ষেপণ গ্রহণযোগ্য নয়।
কন্ট্রোলার অব পাবলিকেশন্স, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা