আত্মবিশ্বাসের নাম কারাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক বেল্ট পাওয়া শাবিপ্রবির নয় শিক্ষার্থী ও দুই শিশু শিক্ষার্থী৷ ছবি: আনিস মাহমুদ
ব্ল্যাক বেল্ট পাওয়া শাবিপ্রবির নয় শিক্ষার্থী ও দুই শিশু শিক্ষার্থী৷ ছবি: আনিস মাহমুদ

কিছু অপরিচিত শব্দ কানে ভেসে আসছে। আকা, আও, শবু হাজিমে,...ইয়ামে, সুজুকেতে হাজিমি...। শব্দগুলো জাপানি ভাষার। বাংলায় অর্থ হচ্ছে যথাক্রমে লাল, নীল, প্রতিযোগিতা শুরু করো, থামো, পুনরায় শুরু করো। ডান দিকে আকা (লাল) ও বাঁ দিকে আও (নীল) দুই দলে বিভক্ত হয়ে প্রতিযোগীরা প্রস্তুত। রেফারি শবু হাজিমে (প্রতিযোগিতা শুরু করো) বলার সঙ্গে সঙ্গেই লড়াই শুরু। এ দৃশ্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্ল্যাক বেল্ট অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের। গত ২৫ এপ্রিল বিকেলে শাবিপ্রবির শহীদজননী জাহানারা ইমাম ছাত্রী হলের উদ্যোগে আয়োজন করা হয় ওই অনুষ্ঠানের।
‘২০১০ সালে ছাত্রী হলের তৎকালীন প্রাধ্যক্ষ ইয়াসমিন হক সহকারী প্রাধ্যক্ষদের ডেকে বললেন, ছাত্রীদের জন্য কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করলে কেমন হয়? আমি তো এককথায় রাজি হয়ে উৎসাহ নিয়ে বললাম, খুব ভালো হয়। এর পর থেকে প্রশিক্ষকের খোঁজে নেমে পড়া। আমার মেয়ের স্কুলের এক শিক্ষকের মাধ্যমে প্রশিক্ষক বিএম আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ হয়। পরে ওই বছরের ৬ জুন থেকে কারাতে প্রশিক্ষণ শুরু।’ এভাবেই কারাতে প্রশিক্ষণের নেপথ্য কথা বলছিলেন শহীদজননী জাহানারা ইমাম হলের সহকারী প্রাধ্যক্ষ মাহরুবা শারমিন চৌধুরী।
চার বছর প্রশিক্ষণের পর ব্ল্যাক বেল্ট অর্জন করলেন ১১ শিক্ষার্থী। ২৫ এপ্রিল বিকেলে ব্ল্যাক বেল্ট পাওয়া শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজনের করা হয়৷ প্রশিক্ষণার্থীদের মধ্যে ১০ জন ছাত্রী ও একজন ছাত্রের হাতে ব্ল্যাক বেল্ট তুলে দেন শাবিপ্রবির সাবেক উপাচার্য ও বর্তমানে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিন।
ব্লাক বেল্ট পাওয়া শিক্ষার্থীরা হচ্ছেন শাবিপ্রবির ঝুমুর দেব, ফারহানা ফেরদৌস, আমিনা সুলতানা, জয়তি দত্ত, লাকী বেগম, শারমিন সুলতানা, উম্মে মরিয়ম, সাবিহা তাসনিম, সাথী রানী শর্মা, সিলেট আনন্দনিকেতন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তানিশা ইয়াশফা চৌধুরী ও সিলেট স্কলার্সহোম স্কুলের ছাত্র কারিব সুলতান চৌধুরী। এদের মধ্যে তানিশা ইয়াশফা চৌধুরী বাংলাদেশে সর্বকনিষ্ঠ ব্ল্যাক বেল্ট অর্জনকারী।
কারাতে প্রশিক্ষণ শুরুর সময় সাথী রানী শর্মা ছিলেন গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন পুলিশ বিভাগে। তিনি বলেন, ‘কারাতে প্রশিক্ষণে আমার সবচেয়ে বড় অর্জন আত্মবিশ্বাস।’
ব্ল্যাক বেল্ট পাওয়া ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফারহানা ফেরদৌস এ অর্জনকে নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে। তাঁর ভাষায়, ‘ব্ল্যাক বেল্ট অর্জন ধরে রাখাটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ।’ প্রশিক্ষক বি এম আশরাফুল ইসলাম বলেন, ‘কারাতে খালি হাতে একধরনের ক্রীড়াকৌশল। সুস্থ শরীর, সুন্দর জীবনের জন্য কারাতে প্রশিক্ষণ। আমি চাই, এ প্রশিক্ষণ অব্যাহত থাকুক, ছড়িয়ে পড়ুক সারা দেশে।’
শহীদজননী জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান৷