ব্যাংক থেকে টাকা তোলার স্বয়ংক্রিয় যন্ত্র (এটিএম) ভেঙে ফেলার চেষ্টা করলে দুর্বৃত্তের নাকে যদি যান্ত্রিক ঘুষি লাগে, তাহলে কেমন হবে? না, ঠিক ঘুষি নয়। এটিএম বুথে যুক্ত যান্ত্রিক ব্যবস্থা এবার আক্রমণকারীর মুখে গরম ফেনা ছুড়ে মারবে। প্রযুক্তিটি তৈরি করেছেন সুইজারল্যান্ডের জুরিখের ইটিএইচ ইউনিভার্সিটির একদল গবেষক। সেখানকার রসায়ন ও ফলিত জৈববিজ্ঞানের অধ্যাপক ওয়েন্ডেলিন জ্যান স্টার্ক বলেন, প্রযুক্তিটি এটিএম ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। জার্নাল অব ম্যাটেরিয়ালস কেমিস্ট্রি সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, আত্মরক্ষামূলক যান্ত্রিক ব্যবস্থাটিতে স্যান্ডউইচের মতো বেশ কয়েকটি স্তরের প্লাস্টিক রয়েছে। উপরিতলটি ক্ষতিগ্রস্ত হলেই ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার গরম ফেনা ছিটকে গিয়ে লাগবে হামলাকারীর মুখমণ্ডলে। যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে মৌচাকের আকৃতির প্লাস্টিকের ফিল্ম। ফাঁকা স্থানগুলো ভরাট থাকবে রাসায়নিক মিশ্রণে। আইএএনএস।