আদমজীতে আইটি কার্নিভাল শেষ হচ্ছে আজ
আইটি কর্নিভালে অংশ নিতে সারা দেশের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। এই উৎসব শেষ হবে শনিবার।
এই আয়োজন সফল করতে দিন-রাত কাজ করে যাচ্ছে তরুণ-তরুণী ও আয়োজকেরা এবং একদল দক্ষ স্বেচ্ছাসেবী। এই আয়োজনে গুরুদায়িত্বে রয়েছে আদমজীর সাবেক শিক্ষার্থী মারিফুল রাব্বি, সাফওয়ান রাহমান, শাহরিয়ার তূর্য, সৈয়দ নাহিন, মুরাদ হাসান, তাসিন, মাহতাব হোসেন, প্রীতি ও মাহিদুল। আরও আছেন বর্তমান ক্লাব প্রেসিডেন্ট হাসিন ইশরাক রাফি, ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হাসান, আশফাক রাফি প্রমুখ।
আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও আইটি ক্লাবের মডারেটর জেসমিন আরা বলেন, ২০১৪ সালে যাত্রা শুরু হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আইটি ক্লাবের। এই ক্লাবের আয়োজনেই দ্বিতীয়বারের মতো আইটি কানির্ভালের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের ডিজিটাল যুগের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।
জেসমিন আরা জানান, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতায় এবারের কার্নিভালের আয়োজন করা হয়েছে। এখানে ঢাকা ও ঢাকার বাইরের প্রায় দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্টসহ নানা উপহার দেওয়া হবে। আগামী বছরও এই ধরনের আয়োজন করার চেষ্টা থাকবে বলে তিনি জানান।
উৎসবের শেষ দিন শনিবার অনুষ্ঠিত হবে আইটি কুইজ প্রতিযোগিতার ফাইনাল। এ দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মোবাইল ও পিসি গেমিং প্রতিযোগিতা। এ ছাড়া রয়েছে সেমিনার ও গ্রাফিকস ডিজাইন। বিজ্ঞপ্তি।