রাজশাহীর কয়েকজন আদিবাসী শিক্ষার্থীর প্রচেষ্টায় বাংলাদেশের আদিবাসীদের নিয়ে একটি বাংলা ওয়েব ব্লগ চালু করা হয়েছে। www.w4study.com ঠিকানার এই ব্লগ সাইটে বাংলাদেশের আদিবাসীদের তথ্যপ্রযুক্তিতে সক্রিয়ভাবে অংশগ্রহণসহ শিক্ষা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির তথ্যাদি রয়েছে। ওয়েবসাইটটির নির্মাতা এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) রাজশাহী শাখার কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সমর মাইকেল সরেন জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ দেশের আদিবাসীরা সহজেই বাংলাদেশসহ বিশ্বের দরবারে তাঁদের বর্তমান অবস্থান ও নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে পারবেন। এর পাশাপাশি তাঁরা যেন শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে দিনে দিনে অগ্রগামী হতে পারেন, সেসব উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ওয়েবসাইটের সমন্বয়ক বিলাস পৌল তিগ্যা জানান, এ ওয়েবসাইটি আদিবাসীদের অধিকার আদায়ে এক ধরনের প্রযুক্তিগত আন্দোলন হিসেবে কাজ করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এর মাধ্যমে এ দেশের আদিবাসীরা তাঁদের অধিকার আদায়ে অধিকমাত্রায় সচেষ্ট হওয়ার পাশাপাশি আগামী দিনে তথ্যপ্রযুক্তিতে তাঁরা সহজেই দক্ষ হয়ে উঠতে সক্ষম হবেন। এই ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত আদিবাসী শিক্ষার্থীরা জানান, ওয়েবসাইটটির কন্ট্রোল প্যানেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইউআইটিএস রাজশাহী শাখায় বিভিন্ন বিভাগে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা রয়েছেন। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়