আধিপত্য বাড়াতে ফেসবুকের নতুন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধুই সামাজিক যোগাযোগ কিংবা সার্চ ইঞ্জিন নয়, এবার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাই পাল্টে দিতে যাচ্ছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ফেসবুকের প্রোগ্রামারদের সম্মেলন এফ এইটে এমন ঘোষণাই দিলেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ সাইটের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। জুকারবার্গ ফেসবুকে নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করার ধারণা দেন, যার ফলে বদলে যেতে পারে ইন্টারনেট ব্যবহারের পুরো অভিজ্ঞতাই। সার্চ ইঞ্জিন, তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠখোট্টা তথ্যনির্ভর ওয়েবসাইট, সব কিছুই বদলে যাবে সামাজিক যোগাযোগের সংস্পর্শতায়। ওয়েব ব্রাউজিংও আর খুব বেশি ‘ব্যক্তিগত’ থাকছে না হয়তো। ওয়েবে ঘোরাঘুরিটাও হবে বন্ধুকে নিয়ে, এখানেও সামাজিক নেটওয়ার্ক। জুকারবার্গের প্রস্তাবে শিগগিরই ফেসবুকে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসতে যাচ্ছে, তার নাম ওপেন গ্রাফ। এই সুবিধার ফলে ফেসবুক ছাড়িয়ে যাবে ফেসবুক ডটকমের ঠিকানা। যেকোনো সাইটের যেকোনো তথ্যকে ফেসবুকের সঙ্গে যুক্ত করবে এটি। এই সুবিধার মাধ্যমে যেকোনো সাইটের যেকোনো তথ্যকে ট্যাগ করা যাবে, সেই সঙ্গে ‘লাইক’ চিহ্নিত করতে পারবে সাইট পরিদর্শকেরা। যেগুলোর সংক্ষেপিত তথ্য পৌঁছে যাবে সাইট প্রশাসকদের কাছেও। এ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার জনপ্রিয়তা যাচাই করতে পারবে সহজেই। এ ছাড়া ফেসবুকে তথ্য ও ওয়েব লিংক খোঁজায়ও আসছে বৈচিত্র্য, এখানেও থাকবে সামাজিক নেটওয়ার্কের ব্যবহার। তাই জুকারবার্গের সাম্প্রতিক ঘোষণাকে গুগুলের ওপরও ঝুঁকি হিসেবে দেখছেন অনেক তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞই। নতুন পরিকল্পনা অনুযায়ী জুকারবার্গ ফেসবুককে নিয়ে আসতে চাচ্ছেন ওয়েবের কেন্দ্রে, যেকোনো ধরনের ওয়েবসাইটে ছড়িয়ে পড়বে ফেসবুকের আধিপত্য। —বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান