আধুনিক এক শল্যচিকিৎসক!

শিগগিরই অস্ত্রোপচারের কক্ষে চিকিৎসকের পাশাপাশি আরও একজন অত্যাধুনিক শল্যচিকিৎসককে কাজ করতে দেখা যাবে। চিকিৎসককে তিনি সেখানে নানাভাবে সাহায্য করবেন এবং নিখুঁতভাবে অস্ত্রোপচারও করতে পারবেন। কিন্তু এই তিনি কে? আধুনিক এই চিকিৎসকের বুদ্ধিমত্তা থাকলেও আদতে তিনি কোনো মানুষ নন; আধুনিক এক রোবট। এমন শল্যচিকিৎসক রোবট তৈরিতে গুগল ও জনসন অ্যান্ড জনসন একত্রে কাজ শুরু করেছে। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের।
অনুসন্ধান ও বিজ্ঞাপন এই দুটি হচ্ছে গুগলের মূল ব্যবসা। এর পাশাপাশি এখন অন্য উদ্যোগ নিয়েও কাজ শুরু করেছে গুগল। সম্প্রতি মানুষের আয়ু বাড়াতে চিকিৎসা সংক্রান্ত ও মানুষকে জটিল কাজ থেকে মুক্তির জন্য রোবটিক গবেষণায় অধিক বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
বিশেষজ্ঞরা বলছেন, গুগল রোবটিক প্রকৌশল ব্যবহার করে এমন প্রযুক্তি তৈরি করতে যাচ্ছে যাতে রোগীর অসুস্থতা কমবে এবং অস্ত্রোপচারের পর দ্রুত সেরে উঠবে। এ জন্য জনসন অ্যান্ড জনসনের অধীনস্থ এথিকন নামের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে গুগল। এই বিষয়টি নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি হয়েছে।