আনকোরা ফোনেও ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনকোরা মোবাইল ফোনে ভাইরাস
আনকোরা মোবাইল ফোনে ভাইরাস

নতুন মোবাইল ফোন কিনলে, তাতে কোনো সমস্যা থাকুক তা নিশ্চয় কেউ চান না। কিন্তু অনেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ফোনে ক্ষতিকর ম্যালওয়্যার বা ভাইরাসের আক্রমণের শিকার হন। সাধারণত ইন্টারনেট ব্যবহার করে অ্যাপ ডাউনলোড করতে গেলে এ ধরনের ভাইরাস আসে। কিন্তু তাই বলে একেবারে আনকোরা স্মার্টফোনেও ভাইরাস?
জি ডাটা নামের জার্মানির একটি মোবাইল নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, বাজারের বেশ কিছু আনকোরা অ্যান্ড্রয়েডচালিত হ্যান্ডসেটেও ম্যালওয়্যার থাকছে। নমুনা পরীক্ষা করে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে আনকোরা মোবাইল ফোনে ম্যালওয়্যার ছড়ানোর হার ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
জি ডাটার এটি দশম প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি বিশ্লেষকেরা এখন প্রতি ১৪ সেকেন্ডে নতুন ম্যালওয়্যার শনাক্ত করতে পারেন।
জি ডাটা কর্তৃপক্ষ দাবি করেছে, তারা প্রায় ২০টি নতুন ফোনে ম্যালওয়্যার শনাক্ত করতে পেরেছেন। হুয়াই, শিয়াওমি, লেনেভোসহ বেশ কয়েকটি চীনা স্মার্টফোন নির্মাতার তৈরি স্মার্টফোনে মডিফাই করা অ্যাপ্লিকেশন থাকে যা ব্যবহারকারীর ওপর নজরদারি করতে পারে বা বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। অবশ্য ফোন তৈরির সময় এই ম্যালওয়্যারগুলো ফোনে আসে না। বাইরের কোনো মাধ্যম থেকে এই অ্যাপগুলো নতুন ফোনে ইনস্টল করা হয়। ম্যালওয়্যারের উৎস চীন বা রাশিয়ায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
জি ডাটা কর্তৃপক্ষ দাবি করেছে, কেউ নতুন ফোনগুলো খুলে ম্যালওয়্যার ঢুকিয়ে আবার তা বাজারে ছাড়ে। এ ধরনের ফোন বেশির ভাগ এশিয়া ও ইউরোপের বাজারে থার্ড পার্টির মাধ্যমে বিক্রি হয়।
এ ধরনের ম্যালওয়্যারগুলো ফোনে প্রিইনস্টল থাকা ফেসবুকের মতো দরকারি অ্যাপের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এটি ফেসবুকের মাধ্যমে আদান-প্রদান করা বার্তা পড়তে পারে, নিজে থেকে বার্তা পাঠাতে পারে। অন্য অ্যাপ ইনস্টলসহ তথ্য সংগ্রহ, ফোনকল রেকর্ড করতে পারে।
গবেষকেরা সতর্ক করে বলেছেন, একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে ফোন কিনলে সমস্যা এড়ানো যায়। কোনো থার্ড পার্টির মাধ্যমে বিক্রি হওয়া ফোন না কিনে আসল ফ্যাক্টরি সিল ও অফিশিয়াল বক্স দেখে কিনলে এ ধরনের সমস্যা এড়ানো যায়। (পিসি ওয়ার্ল্ড)