আনন্দ ও সৌভাগ্য
১৩ অক্টোবর মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের মাঠে হয়ে গেল গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। উৎসবে যোগ দিয়েছিল মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। এসেছিলেন তাদের অভিভাবকেরাও।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজও বাড়তে থাকে। তবু প্রচণ্ড রোদের উপেক্ষা করে শিক্ষার্থী-অভিভাবকেরা উপভোগ করতে থাকেন উৎসব। প্রতিযোগিতার সময় যত পার হতে থাকে, উত্তেজনা তত বাড়তে থাকে। চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান আই-জিনিয়াস নির্বাচিত হয়। খুশিতে আত্মহারা মেহেদী তার অনুভূতি প্রকাশ করে এভাবে, ‘উৎসবে অংশগ্রহণ করাই ছিল আমার জন্য অনেক বড় পাওয়া। সেখানে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছি! সত্যি এ আনন্দ বলে বোঝানোর মতো নয়।’ গত বছরের আই-জিনিয়াস (মানিকগঞ্জ) সুনন্দা সরকারও এসেছিল উৎসবে উপভোগ করতে। ‘আজকে এই অনুষ্ঠানে এত শিক্ষার্থী বন্ধু ও শিক্ষকদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের।’ এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করে সুনন্দা।