ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের প্রযুক্তিমনষ্ক শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয়েছে একটি তথ্যপ্রযুক্তি সমাধান ও সেবা দেওয়ার দল ‘এনকারেজ আইটি’। এই দলকে ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আউটসোর্সিং কাজের জন্য কলেজের শিক্ষার্থীদের দরকারি প্রশিক্ষণ দেওয়া হবে। ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী প্রথম পর্যায়ে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট তৈরি ও ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (সিইও), ট্রাবলশুটিং, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। এরই মধ্যে এ প্রশিক্ষণ নিয়ে মাসে দুই থেকে আড়াই হাজার টাকা আয় করে নিজেদের পড়াশোনার খরচ চালাতে পারছেন কলেজের কয়েক শ শিক্ষার্থী।এনকারেজ আইটি কর্মসূচির উদ্যোক্তা ও কর্ম-সমন্বয়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান জানান, ‘কয়েক হাজার শিক্ষার্থী নানা রকম এমএলএম (মাল্টিলেভেল মার্কেটিং) প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে শিক্ষাজীবন বিপর্যস্ত করছে। অন্যদিকে আউটসোসিংয়ের সুযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে আয়ের সহজ সুযোগের কথা বলেও মাঠে নেমেছে প্রায় ৩০টি এমএলএম প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে আউটসোর্সিংয়ে ভালো কাজের জন্য যথার্থ প্রশিক্ষণ দিয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী তৈরি করতেই আমাদের এই উদ্যোগ।’ এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে বলে তিনি জানান। কলেজে গ্রীষ্মকালীন ছুটির ২১ দিনের হলেও আউটসোর্সিংয়ের বিভিন্ন প্রশিক্ষণ নিতে কলেজের কম্পিউটার ল্যাব খোলা থাকছে।আউটসোর্সিংয়ের কাজ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রধান সমস্যা হিসেবে ধীরগতির ইন্টারনেট সংযোগ। অনেকেই জানান, আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনতে ১৮ মাস আগে বিটিসিএল থেকে ৩ মেগাবাইট ব্যান্ডউইডথ বরাদ্দ নেওয়া হলেও তার সংযোগ এখনো আসেনি। কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বারবার সংযোগ নেওয়ার দাবি করা হলেও অজ্ঞাত কারণে কর্তৃপক্ষ কালক্ষেপণ করছে।এনকারেজ আইটি সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় বর্তমানে প্রযুক্তিগত সমস্যার সমাধান দিতে পারে এমন ৩০০ জন ট্রাবলশুটার তৈরির প্রশিক্ষণ চলছে। যাঁরা গোটা শহরে ও জেলায় কম্পিউটার ব্যবহারকারীদের সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমস্যার সমাধান করে আয় করবেন। এ ছাড়া আউটসোর্সিং কাজে দীর্ঘদিন ধরে যুক্ত, এমন শিক্ষার্থী নিয়ে একটি ‘রিসোর্স টিম’ গঠন করা হয়েছে, যাঁরা আউটসোর্সিংয়ের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ জানিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করবেন এবং এমএলএমের নানা ফাঁদ থেকে শিক্ষার্থীদের সচেতন করবেন। —মো. কামরুজ্জামান, ময়মনসিংহ