আনন্দে বিজ্ঞান শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি ক্যাম্পে ছাত্রীরা শুনছে বিজ্ঞানের কথা
একটি ক্যাম্পে ছাত্রীরা শুনছে বিজ্ঞানের কথা

খুলনার রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট স্কুলের ছাত্রী স্বর্ণা। গবেষণা করছিল লজ্জাবতীগাছের সংবেদনশীলতার মাত্রা নিয়ে। এটা কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্পের একটি ঘটনা। তিন দিনের এই ক্যাম্প সম্পর্কে স্বর্ণার মত, ‘অসাধারণ তিনটি দিন। এখানে আমরা চিন্তা করার নতুন উপায় শিখলাম, বিজ্ঞানীরা কীভাবে গবেষণা করেন, তা জানলাম। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো, আমরা একটি গবেষণা করলাম—তার মানে আমরাও এখন একেকজন বিজ্ঞানী।’
এমন অনেক খুদে বিজ্ঞানী গবেষণা জানা-বোঝার সুযোগ পেয়েছিল গ্রীষ্মকালীন এই বিজ্ঞান আয়োজনে। ‘বিজ্ঞানে চাই মাপজোখ’—আপ্তবাক্যে তৃতীয়বারের মতো হতে যাচ্ছে শিশুকিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫। তারই প্রস্তুতি হিসেবে সারা দেশে হয়ে গেল কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প। গত ২১ জুন খুলনা থেকে শুরু হয় এ আয়োজন। সিলেট, দিনাজপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, বরিশাল, বগুড়ায় হয়েছে ১৫টি ক্যাম্প। ক্যাম্প ও বিজ্ঞান কংগ্রেসের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী জানালেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝাতে চাইছি তারা চারপাশের উপকরণ দিয়েই বৈজ্ঞানিক গবেষণা করতে পারে। আর এতেই তার গবেষণার হাতটি পোক্ত হবে।’
ক্যাম্পে অংশগ্রহণকারীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করার উপায় সম্পর্কে হাতেকলমে শেখানো হয়। পাশাপাশি কেমন করে পরীক্ষা-পর্যবেক্ষণের ফলাফল পোস্টার, বৈজ্ঞানিক নিবন্ধ বা প্রকল্প আকারে প্রকাশ করতে হয়, তার কলাকৌশলও দেখানো হয়। প্রতিটি ক্যাম্পে শিক্ষার্থীরা নিজেরাই কয়েকটি দলে ভাগ হয়ে কোনো না কোনো বিষয় নিয়ে একটি সম্পূর্ণ প্রকল্প সম্পন্ন করে।
এবারের শিশুকিশোর বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণে আগ্রহীরা ১০ আগস্ট ২০১৫ পর্যন্ত নিবন্ধন করতে পারবে। ওয়েব: www.cscongress.org।
২১ ও ২২ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হবে বিজ্ঞান কংগ্রেসের মূল পর্ব।