আনন্দে শিখুক শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সের সঙ্গে বুদ্ধির বিকাশ যতটা হয়, তাঁর চেয়েও অনেক বেশি হয় অভিজ্ঞতা থেকে। মস্তিষ্কের অনুশীলন যতটা করা যায়, শিশুকে ততটাই সৃজনশীল করে গড়ে তোলা যেতে পারে। তাই বলে কোনো চাপ না, বরং শিশুকে এমন কিছু খেলনা অনুষঙ্গ দেওয়া যেতে পারে, যা দিয়ে বুদ্ধিভিত্তিক চর্চা সে নিজেই করতে পারে। সময় যত গড়াচ্ছে, শিশুরা যেন ততই চৌকস হয়ে বেড়ে উঠছে। এমনই কিছু প্রযুক্তিভিত্তিক খেলনা অনুষঙ্গের কথা থাকছে আজকের এই আয়োজনে।

.
.

নিজেকে নকল করা রোবট
৪ ফুট লম্বা একটি রোবট নিজে নিজে তৈরি করে নেওয়ার মতো মজার আর কী হতে পারে? তা-ও যদি সে রোবট আপনাকে দেখে নকল করতে পারে! ‘মস্তিষ্ক’, এলইডি চোখ, আটটি মোটরসহ প্রায় ১ হাজার ২০০ যন্ত্রাংশ আছে এর সঙ্গে। স্মার্টফোন অ্যাপ দিয়েও কাজ করানো যায়। রোবটটিকে ভিন্ন আকৃতি দেওয়া সম্ভব, কথা বলেও একে চালানো যায়। তবে অনেক ধৈর্য আর সময় নিয়ে যে কাজটি করতে হবে, তা কিন্তু মাথায় রাখতে হবে।

.
.

নিজেই বানিয়ে নাও কম্পিউটার
ক্ষুদ্রাকৃতির কম্পিউটার নিজে নিজে তৈরি করে নেওয়ার জন্য দরকারি সব যন্ত্রপাতি থাকবে। মজায় মজায় কম্পিউটার প্রোগ্রামিং করা, কিংবা সংগীত বা গেম তৈরির জন্য সফটওয়্যার আছে সঙ্গে। নির্দেশনা দেখে তৈরি করে নিতে হবে। মূলত র্যাস্পবেরি পাই কম্পিউটার ঘিরেই এই খেলনা। দেখতেও যেন মজার হয়, তাই কিছু মজার স্টিকার আছে প্যাকেটের ভেতর।

.
.

খুদে মাইক্রোস্কোপে নতুন করে দেখা
মাইক্রোস্কোপের মধ্য দিয়ে কোনো কিছু দেখার মজাটা হলো, যা খালি চোখে দেখা যায় না তা এতে খুব সহজেই দেখা যায়। আর এমন কিছু ছোটদের হাতে তুলে দিলে যেকোনো কিছু থেকেই তারা নতুন কিছু শিখতে পারবে। নতুন কিছু আবিষ্কার করে বসলেও অবাক হওয়ার কিছু নেই। তারের মাধ্যমে মাইক্রোস্কোপটি কম্পিউটার বা স্মার্টফোনের সঙ্গে যুক্ত করে পর্দায় যেকোনো কিছু ২২০ গুণ পর্যন্ত বড় করে দেখা সম্ভব।

.
.

প্রতিভাবান শিশুর জন্য মজার গেম
বেশ কিছু মজার এবং শিক্ষণীয় কাজ করা যায়। তবে ব্যবহারের জন্য সঙ্গে আইপ্যাড থাকতে হবে। আইপ্যাডের জন্য সঙ্গে একটি স্ট্যান্ড থাকে। সেটিতে ক্যামেরা যুক্ত থাকবে। শিশুকে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে, শব্দের বানান বলতে, ছবি মেলানো কিংবা পদার্থবিজ্ঞানভিত্তিক গেম খেলতে বলা হবে। ক্যামেরায় সবকিছু পর্যবেক্ষণ করে ফল দেখানো হবে আইপ্যাডে।
গ্রন্থনা: মেহেদী হাসান, ছবি ও তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস