আনন্দের ভেলায় সারাদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সকালটা শুরু হয় কার্জন হল কিংবা মোকাররম ভবনে ক্লাসের উদ্দেশে ছুটতে ছুটতে। ক্লাস, ল্যাব আর ইনকোর্সের প্রচণ্ড চাপে যেন অতিষ্ঠ জীবন! তবে ২৭ ফেব্রুয়ারির সকালটা এমন ছিল না মোটেও। সেদিনও খুব সকালে ঘুম ভেঙে সবারই গন্তব্য ছিল কার্জন, কিন্তু কারণটা ছিল আলাদা। সেদিন ছিল বিভাগীয় বার্ষিক পিকনিক! কাজেই, কার্জনের ঘুমটা সেদিন একটু আগেভাগেই ভাঙল; ১৪ জন শিক্ষক আর প্রায় ৪৫০ জন শিক্ষার্থীর পদচারণে মুখর হলো ক্যাম্পাস। সারি বেঁধে দাঁড়িয়ে থাকা বিআরটিসির নতুন পাঁচটি দ্বিতল বাসও তৈরি। এই বাসগুলো আমাদের নিয়ে যাবে মানিকগঞ্জের নাহার গার্ডেনে। সেখানে আমরা সারা দিন ছাত্র-শিক্ষক মিলেমিশে খেলব, আনন্দ করব।
রওনা হলাম যখন, সূর্যটা তখন সবেমাত্র আড়মোড়া ভাঙতে শুরু করেছে। বর্ষভেদ অনুযায়ী আলাদা বাসে করে ছুটছি আমরা। নাশতা শেষে গান গেয়ে, আড্ডা দিয়ে বিনোদনের খোরাক খুঁজে নিলাম নিজেরাই। আকর্ষণীয় ছিল ‘বিবাহযোগ্য পাত্র পরিচয়’। এ সময় একে একে বিয়ের যোগ্য সব ছাত্রের বর্ণনা তুলে ধরল ইফতেখার বিন ইলিয়াস। অন্যদের মধ্যে ‘সুলেখক, সিল্কি চুলের অধিকারী, সুদর্শন’ ইত্যাদি বলে আমাকেও পরিচয় করিয়ে দেওয়া হলো! কিন্তু হায়, পাত্রীদের সাড়া মিলল না! এই দুঃখ গাঢ় হওয়ার আগেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নাহার গার্ডেনে পৌঁছে মন ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে দুটি দলে ভাগ হয়ে ফুটবল খেলা হলো। গোল দিলেন খন্দকার সাদাত হোসেন স্যার এবং তারেক মাহমুদ স্যার। খেলা ড্র হলো। সারোয়ার জাহান ও নাজমুস সাকিব ভাইয়ের কৌতুকমুখর ধারাভাষ্য শুনে অনেক হাসি হাসা গেল। এরপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি আর ছবি তোলা শেষে দুপুরের উদরপূর্তিটা যা হলো, তা এককথায় অসাধারণ। মাস্টার্সের শিক্ষার্থী নুরুল আমিন জানান, ‘অনেক দিন পর এমন খোলামেলা পরিবেশে বেড়াতে এসে অনেক ভালো লাগছে।’
বিকেলে শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের অনেকে গান গেয়ে, কবিতা আবৃত্তি করে মন মাতালেন সবার। এরপর হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা শেষে ‘মি. অ্যান্ড মিস ফিজিকস’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা হলো। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তাতে বিজয়ী মারুফ খান ও সাদিয়া রহমান। সাদিয়া বলেন, ‘ভোটের লড়াই জমেছিল ভালোই। জিতে ভালো লাগছে।’ তারপর এনায়েত হোসেন স্যারের তত্ত্বাবধানে ‘টিচার্স ফান সিগমেন্ট’ হলো। লটারির মাধ্যমে স্যারদের মজার মজার কিছু প্রশ্ন করা হলো। তাঁরাও মজা করে উত্তর দিলেন। পুরো পিকনিক আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
অনেক তো আনন্দ হলো। এবার ফেরার পালা। সন্ধ্যায় বাসে উঠে ফেরার সময় আমরা যখন গলা ছেড়ে গান গাইছিলাম, তখন বারবার মনে হচ্ছিল, এভাবেই যদি যায় জীবন হেসেখেলে, তবে ক্ষতি কী?