আনন্দ-উচ্ছ্বাস দিনভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর প্রথম স্থানে থাকতে না পারলেও এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ঢাকা বোর্ডের সেরাদের প্রথম স্থানে আবার চলে এল রাজউক উত্তরা মডেল কলেজ৷ গতবার প্রতিষ্ঠানটি ছিল তৃতীয় স্থানে৷
আর গতবারের প্রথম স্থান অধিকার করা রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার রয়েছে দ্বিতীয় স্থানে৷ তবে বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যা৷ পাশাপাশি শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বোর্ডে তৃতীয় হয়েছে৷ গত বছর প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থানে ছিল৷ গতকাল শনিবার প্রায় দিনভরই ছিল বিদ্যালয়গুলোতে আনন্দ-উচ্ছ্বাস৷
এ নিয়ে মোট চারবার মাধ্যমিকে ঢাকা বোর্ডে সেরা হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ৷ শতভাগ পাসের সঙ্গে এবারের ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক৷ এই বিদ্যালয় থেকে এবার বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৫১৫ জন৷ এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন৷ বাংলা মাধ্যমে মোট ২৮৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে৷
গতকাল এসএসসির ফলাফল প্রকাশের আগে অনেকটা উৎকণ্ঠা আর একটু নীরবই ছিল ভিকারুননিসা নূন স্কুল৷ বেলা একটা পর্যন্ত উৎকণ্ঠা নিয়ে স্কুলমাঠে শিক্ষার্থীরা এবং করিডরে অভিভাবকেরা দল বেঁধে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছেন৷
বেলা একটার পরপরই তিনজন শিক্ষক মাঠের মধ্যে স্থাপিত নোটিশ বোর্ডে শুরুতে বিজ্ঞান বিভাগের ফলাফল টাঙান৷ সঙ্গে সঙ্গেই ছাত্রীরা উল্লাসে মেতে ওঠে৷ ড্রামের তালে তালে নাচে-আনন্দ-উল্লাসে মেতে ওঠে পরীক্ষার্থীরা৷ কিছুক্ষণ আগে যে অভিভাবকেরা উৎকণ্ঠায় ছিলেন, তাঁরাও সন্তানদের আনন্দ-উল্লাসের সঙ্গী হন৷ পাশাপাশি মুঠোফোনে আত্মীয়স্বজনকে সন্তানের সাফল্যের খবর জানাতে ব্যস্ত থাকেন অভিভাবকেরা।
সেরাদের তালিকায় দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে আসা প্রসঙ্গে ভিকারুননিসার অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘মোট এক হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে অল্প কয়েকজন জিপিএ-৫ পায়নি। কিন্তু শতভাগ পাস করেছে। আর কয়েকজন পরীক্ষা দেয়নি। সে হিসাবে আমাদের এবারের সাফল্য চমৎকার।’
গতবারের প্রথম স্থান অধিকার করা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে ফলাফল পৌঁছে যায় দুপুর ১২টায়৷ বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে বয়ে যায় একটাই শব্দ: ‘আইডিয়াল দ্য বেস্ট’৷ ঢোল বাজিয়ে উল্লাসের পাশাপাশি চলে মিষ্টিমুখের ধুম। অভিভাবকেরা মুগ্ধ চোখে দেখেন সন্তানের আনন্দ। এই বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৪০৫ জন। পাসের হার শতভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৫৫ জন।
এই বিদ্যালয়ের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য। এ ছাড়া শিক্ষার্থীরাও অনেক কষ্ট করেছে। তবে আরও ভালো করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রথম স্থান হারানো প্রসঙ্গে শাহান আরা বেগম বলেন, ‘যে বিদ্যালয়টি এবার প্রথম হয়েছে, তাদের শিক্ষার্থীদের সংখ্যা আমাদের তুলনায় অনেক কম। এ ছাড়া আমাদের বিদ্যালয়ে বিভিন্ন পেশার মানুষের সন্তানেরা পড়াশোনা করার সুযোগ পায়। তুলনামূলক হিসাবে আমরা এবার অনেক ভালো করেছি।’
বোর্ডে সেরা বিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মাইলস্টোন কলেজ, পঞ্চম স্থানে মতিঝিল মডেল হাইস্কুল, ষষ্ঠ স্থান অধিকার করেছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সপ্তম স্থান অধিকার করেছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, অষ্টম স্থানে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, নবম স্থানে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং দশম স্থান অধিকার করেছে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চবিদ্যালয়।
এ ছাড়া সেরা ২০-এর তালিকায় রয়েছে যথাক্রমে হলিক্রস গার্লস হাইস্কুল, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ জিলা স্কুল, লালবাগের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কাফরুলের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটির হায়ার সেকেন্ডারি স্কুল, িমর্জাপুর ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, সেন্ট যোসেফ হাইস্কুল ও মিনপুর হাইস্কুল। এর মধ্যে িমর্জাপুর ক্যাডেট কলেজ ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ যৌথভাবে বোর্ডের তালিকায় ১৮তম স্থান অধিকার করেছে।