আনারসে নারকেলের স্বাদ!
সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা আনারসের নতুন একটি জাত উদ্ভাবন করেছেন। এ আনারসে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের নারকেলের স্বাদ পাওয়া যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।অস্ট্রেলিয়ার কৃষি বিভাগের দাবি, নতুন জাতের আনারস সাধারণ আনারসের তুলনায় বেশি মিষ্টি ও রসালো হবে। পাশাপাশি এতে থাকবে নারকেলের ঘ্রাণ। অস্ট্রেলিয়ার কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ‘অসফেস্টিভ্যাল’ নামের নতুন জাতের আনারস উত্পাদনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন তাঁরা। কুইন্সল্যান্ডের একটি গবেষণা কেন্দ্রে নতুন জাতের এ আনারসের জাত নিয়ে কাজ করছেন তাঁরা।অস্ট্রেলিয়ার কৃষিবিদ গ্রাথ সনোয়াস্কি এ প্রসঙ্গে জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় অনেক জাতের আনারস পাওয়া যায়। তবে নারকেলের স্বাদযুক্ত ‘অসফেস্টিভ্যাল’ কোথাও পাওয়া যায় না। এ আনারসে অ্যাসিডের মাত্রা কম, অনেক বেশি মিষ্টি ও রসালো। বাণিজ্যিকভাবে আনারস উত্পাদন করতে দুই বছরেরও বেশি সময় লাগতে পারে।