আনোয়ারায় শেষ হলো বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মেলা
বিভিন্ন বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীদের নানা সৃজনশীল পরিবেশনা আর উদ্ভাবনী কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলা।চট্টগ্রামের আনোয়ারা সদরের আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে ৬ ও ৭ এপ্রিল এটি আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আখতারুজ্জমান চৌধুরী। মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টলে স্টলে ল্যাপটপ, কম্পিউটার, মডেম নিয়ে উপস্থিত হয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।মেলায় আনোয়ারা আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করলে খরচ কমে যায়, তা প্রদর্শন করে। এই মেলায় গুজরা উচ্চবিদ্যালয় অক্সিজেন প্রস্তুত প্রণালি, এ ছাড়া পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় ঘরে বসে এন্টেনা তৈরি, তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী উচ্চবিদ্যালয় ভূমিকম্প প্রতিরোধী ঘর, আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয় সৌরজগৎ ও অন্যান্য গ্রহের অবস্থান প্রদর্শন করেছে। মেলায় আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ তথ্যসেবাকেন্দ্র নামে একটি স্টলে নানা ধরনের সেবা দেওয়া হয়। —মোহাম্মদ মোরশেদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম)