আন্ডা চেয়ে ডান্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিম আগে না মুরগি আগে

তর্ক আজও সচল—

থাকুক না! বাট ডিম বিহনে

এই দুনিয়া অচল!

পুষ্টিবিদে ডিমকে বলে

আদর্শ এক খাবার

স্বাদেও ভালো। রোজ কোটি ডিম

তাই বুঝি হয় সাবাড়!

ডিম পাওয়া যায় মুরগি থেকে

ডিম পাওয়া যায় হাঁসের

আর কিছু পাই না-পাই ওটা

খাদ্য বারো মাসের!

তরকারি হয় ডিমের, আবার

লাগে পুডিং কেকেও

ওমলেটও হয়, সেদ্ধ হলে

খাই যে ভাতে মেখেও!

কেউ কি জানেন রিমান্ডে কি

ডিমান্ড আছে ডিমের?

এসব বিষয় জানা আছে

গোয়েন্দাদের টিমের!

ব্যাচেলরের জন্য ডিমের

বিকল্প নাই তো আর

ডিমের সাথে হয় তুলনা

ছেলের হাতের মোয়ার?

ডিমের যা দাম! তিরিশ টাকা

হালি এখন ঢাকায়

ভিড় তো হবেই কেউ যদি দেয়

একেকটা তিন টাকায়!

কিন্তু বিধিবাম হয়েছেন

ক্রেতা যত এলেন

ডিম ছিল কম, কজন বলুন

আরাধ্য ডিম পেলেন?

আন্ডা চেয়ে ডান্ডা পেলেন

ঠান্ডা হলো পরান

মঞ্চ ভেঙে রাস্তাতে হায়

ডিম দিয়েছে গড়ান!