আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। গতকাল সোমবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৪৫টি দল অংশ নেয়। শিক্ষার্থীদের ১০টি করে সমস্যা দেওয়া হয়। নয়টি সমস্যা সমাধান করে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইনফিনিটি দল। সাতটি সমস্যার সমাধান করে দ্বিতীয় হয়েছে রিটার্ন জিরো এবং ছয়টি সমস্যার সমাধান করে তৃতীয় হয়েছে কোড ক্রাসার দল। প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন বিইউবিটির প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন মমিনুল হক। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য মো. আবু সালেহ, সহ-উপাচার্য মো. আলী আজম, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি মো. মাহফুজুল ইসলামসহ অনেকে। পুরস্কার হিসেবে বিজয়ীদের সনদ দেওয়া হয়। —বিজ্ঞপ্তি