আন্তব্যাংকিং লেনদেনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়লে জিডিপিও বাড়বে
তথ্যপ্রযুক্তির মাধ্যমে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) পদ্ধতিতে হিসাব রাখলে তা দেশজ উৎপাদনে (জিডিপি) ন্যূনতম এক শতাংশ প্রবৃদ্ধি বাড়াবে। আন্তব্যাংক আর্থিক লেনদেনকে করবে আরও নিরাপদ ও সুসংহত। এসব বিবেচনায় রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের সব শাখায় কোচ ব্যাংকিং সিস্টেম (সিবিএস) চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ২০১৬ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সব শাখায় সিবিএস চালু করা হবে। জাতীয় প্রেসক্লাবে সোমবার বাংলাদেশ ব্যাংক এবং সিটিও ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার ও মহাসচিব মাসুদূল বারী, বাংলাদেশ ব্যাংকের পিএসডি উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মাইনুদ্দীন চৌধুরী, ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম।
কীভাবে আন্তব্যাংকিং লেনদেনকে আরও বাস্তবমুখী ও নিরাপদ করা যায় তার ওপর আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংকের উচ্চতর কারিগরি কর্মকর্তা রাহাত উদ্দীন ও নীলাদ্রি শেখর।
তপন কান্তি সরকার বলেন, আরটিজিএস অনলাইনে জটিলতামুক্ত তাৎক্ষণিক সেবা দেওয়ার একটি কার্যকর পদ্ধতি, যা ব্যক্তিপর্যায়ে তাৎক্ষণিক লেনদেন এবং ক্রেতার নির্ভুল ও নিরাপদ ডেবিট-ক্রেডিট হিসাব নিশ্চিত করে।
খন্দকার আলী কামরান আল জাহিদ বলেন, যদি প্রচলিত ব্যবস্থা থেকে ইলেকট্রনিক মাধ্যমের লেনদেন ব্যবস্থা চালু করা হয় তবে জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে।