আন্তর্জাতিক ই-স্পোর্টস গেমসে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ই-স্পোর্টস ফেডারেশনের (আইই-এসএফ) আয়োজনে আগামীকাল থেকে অনুষ্ঠেয় কোরিয়ায় আইইএসএফ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। ই-স্পোর্টস পরিচালনাকারী এ সংগঠনটি গত বছর থেকে সদস্য দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছে। বাংলাদেশে আইইএসএফ অনুমোদিত সদস্য এফওয়ান আইটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মোহাম্মদ ইরফান হুসেন প্রথম আলোকে জানান, প্রতিযোগিতায় অংশ নিতে গতকাল মঙ্গলবার রাতেই বাংলাদেশ দলের কোরিয়া রওনা দেওয়ার কথা। প্রতিযোগিতায় ফিফা গেমসে বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ওয়ারক্র্যাফট থ্রি ফ্রোজেন থ্রোন ও ফিফা অনলাইন টু খেলায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন চার প্রতিযোগী। ওয়ারক্র্যাফট গেমসে অংশ নিচ্ছেন বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) ২০০৮ ও ২০০৯-এ ওয়ারক্র্যাফট গেমসের চ্যাম্পিয়ন আগা রাফসান চৌধুরী এবং সেন্ট যোসেফ স্কুলের শিক্ষার্থী আবরার ফাইয়াজ উল হক। ফিফা অনলাইন ২ গেমসে অংশ নিচ্ছেন ডব্লিউসিজি ২০০৭-এ ফিফা গেমস চ্যাম্পিয়ন ইরফান রেজা খান এবং ডব্লিউসিজি ২০০৮-এ এশিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ আতিফ আল রাশিদ। প্রতিযোগিতায় ৩১টি দেশের প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। যার মধ্যে রয়েছে এশিয়ার ১১টি, ইউরোপের ১৭টি, আমেরিকা দুটি এবং আফ্রিকা মহাদেশের একটি দেশ। —নুরুন্নবী চৌধুরী