আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের লোগো
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের লোগো

বিশ্বের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিজ্ঞানের প্রতিযোগিতা আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণের সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক এই অলিম্পিয়াডের শুরু হয় ২০০৪ সালে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সূত্রে জানা গেছে, এবার দক্ষিণ কোরিয়াতে হবে আইজেএসওর দ্বাদশ আয়োজন। এ আয়োজনের জন্য দেশের শিক্ষার্থীদের বাছাই করতে এবং দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অলিম্পিয়াডের মূল পর্ব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা এরই মধ্যে গণিত, পদার্থবিজ্ঞান, প্রোগ্রামিং কিংবা জ্যোতির্বিদ্যার আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভালো ফলাফল করেছে। আশা করছি, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে দেশের খুদে বিজ্ঞানীরা দেশের জন্য সুনাম বয়ে আনবে। আবার এই আয়োজনের মাধ্যমে মেধাবীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহও ফিরে আসবে।
২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে পর্যবেক্ষক হিসেবে যোগ দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি জানান, বিশ্বের প্রায় ৫০টি দেশ এরই মধ্যে আইজেএসওর সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশও এ বছর থেকে যুক্ত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় ৪ আগস্ট থেকে দুটি ক্যাটাগরিতে বিডিজেএসওর জন্য নিবন্ধন করা যাবে। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি এবং নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা সেকেন্ডারি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। সরাসরি বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির অফিসে (২১০ / ২ এলিফ্যান্ট রোডে, ঢাকা) এসে ১০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। অথবা (http://spsb.org/bdjso/registration/)এই ঠিকানায় গিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে। অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে নির্ধারিত নম্বরে বিকাশ করে নিবন্ধন ফি জমা দিতে হবে।
নিবন্ধিত শিক্ষার্থীদের দেড় ঘণ্টার একটি বহু নির্বাচনী ও তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিডিজেএসওতে বিজয়ীদের নিয়ে পরবর্তীতে ক্যাম্পের মাধ্যমে দলের সদস্যদের নির্বাচিত করা হবে। তবে, নির্বাচিত সদস্যদের আইজেএসওতে যাওয়ার খরচ নিজেদেরই বহন করতে হবে।