আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে লিনাক্স
আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের (আইএসএস) সব কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বদলে যুক্ত হচ্ছে মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স। ফলে কাজের ক্ষেত্রে আরও ভালো সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। আইএসএসের অপসল্যান নেটওয়ার্কের অনেকগুলো ল্যাপটপের মাধ্যমে মহাকাশযানের কর্মীরা বিভিন্ন ধরনের কাজ করেন। এ কাজ সহজে করতে মহাকাশচারীদের সুবিধার্থে আইএসএসের কম্পিউটারগুলোতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাদ দিয়ে লিনাক্স যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাসার জন্য অপসল্যানের কাজটি করে ইউনাইটেড স্পেস অ্যালায়েন্স। এ প্রতিষ্ঠানের কর্মকর্তা কেইথ চুভালা বলেন, ‘আমরা আসলে এমন একটি অপারেটিং সিস্টেম খুঁজছি, যা অনেকটা স্থিতিশীল ও গ্রহণযোগ্য। যার মাধ্যমে আমাদের কাজ অনেক সহজ হবে।’ আর এ জন্যই আইএসএসের এমন উদ্যোগ বলেও জানান তিনি। এ ব্যাপারে লিনাক্স ফাউন্ডেশন এগিয়ে এসেছে বলে জানা গেছে। ইতিমধ্যে ২০১১ সালের মহাকাশকেন্দ্র থেকে যাওয়া রোবোনটেও যুক্ত হয়েছে লিনাক্স। আর মহাকাশচারী থেকে শুরু করে এ সংস্থার সংশ্লিষ্ট সবাইকে লিনাক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। এর আগে ২০০৮ সালে আইএসএসের কম্পিউটারগুলো ডব্লিউ৩২ নামে একটি ভাইরাসের আক্রমণের শিকার হয়। একাধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিভাইরাস ব্যবহার করেও নিরাপত্তার ক্ষেত্রে পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি আইএসএস কর্তৃপক্ষ। তার পর থেকেই নিজেদের নানা ধরনের তথ্যের ব্যাপারে বেশ সতর্ক আইএসএস। উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করতে পারে না। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম