
মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে বলা হয়েছে ‘ঐতিহাসিক’। কারণ, ১৯৬৬ সালে জেনারেল নে উইনের পর এই প্রথম মিয়ানমারের ক্ষমতাসীন কোনো নেতা যুক্তরাষ্ট্র সফরে গেলেন। এ সফর ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে সিএনএনের সঙ্গে কথা বলেছেন থেইন সেইন। সেই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ:
সিএনএন: যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন? দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের‘১ নম্বর শত্রু’ ছিল মিয়ানমার...।
থেইন সেইন: আপনার সঙ্গে আমি একমত। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গতিতে আমিও অবাক। আসলে কী, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলতে কিছু নেই।
সিএনএন: এ সফর থেকে কী আশা করছেন?
থেইন সেইন: প্রথমেই আমি আশা করব, এ সফর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে। দ্বিতীয়ত, আমার প্রত্যাশা, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রয়ে যাওয়া বাধাগুলো দূর করতে পারব।
সিএনএন: যুক্তরাষ্ট্র মিয়ানমারের কাছ থেকে কী আশা করে বলে মনে করছেন? মিয়ানমারকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো প্রতিযোগিতা হচ্ছে বলে মনে করেন কি?
থেইন সেইন: আমি অবশ্যই বলব, এখানে প্রতিযোগিতার কোনো ব্যাপার নেই। আমাদের পররাষ্ট্রনীতি হলো বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। এর আওতায় চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাব আমরা।
সিএনএন: অং সান সুচি প্রসঙ্গে আসি। এক সাক্ষাৎকারে সু চি বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে। অথচ এই সেনাবাহিনীই তাঁকে দীর্ঘদিন গৃহবন্দী করে রেখেছিল। সু চির এ বক্তব্যে কী আপনি বিস্মিত?
থেইন সেইন: অং সান সু চির এ অনুভূতিতে আমি বিস্মিত নই। কারণ, তাঁর বাবা জেনারেল অং সান আমাদের জাতীয় বীর ও স্বাধীনতার নেতা। তিনি আমাদের সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাও। তাই সেনাবাহিনী সু চির হূদয়ে বিশেষ স্থান পাবে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই।
সিএনএন: মিয়ানমারে সাম্প্রদায়িক সহিংসতায় মুসলিম রোহিঙ্গাসহ শত শত মানুষ নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, সহিংসতা দমনে সরকার যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেয়নি। আপনি কি মনে করেন, সহিংসতা দমনে আরও কিছু করা উচিত ছিল?
থেইন সেইন: আমাদের সরকার ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করে না। এ সহিংসতার শুরু হয়েছে অপরাধমূলক কাজ থেকে। পরে তা সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। সহিংসতা বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।
সিএনএন: কিন্তু আমি সংবাদমাধ্যমে দেখেছি, আপনি বলেছেন, পুলিশ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।
থেইন সেইন: আমি লক্ষ করেছি, আমাদের পুলিশ এর আগে এ ধরনের সহিংসতা মোকাবিলা করেনি। তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম বা সুযোগ-সুবিধা নেই। আরেকটি বিষয় হলো, ওই এলাকাগুলোতে যথেষ্টসংখ্যক পুলিশ সদস্য ছিল না।
সিএনএন: আবার সংস্কারের বিষয়ে আসি। মিয়ানমারে যেসব সংস্কার করা হয়েছে, তার বেশির ভাগই অর্থনৈতিক। কিন্তু তার পরও সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো দরিদ্র। তাদের জীবনযাত্রার মান গ্রহণযোগ্য পর্যায়ে নেওয়ার চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন?
থেইন সেইন: আপনি ঠিকই বলেছেন। মিয়ানমারের সব মানুষ অর্থনৈতিক উন্নয়নের সুবিধা পাচ্ছে না। তবে এখন চাকরির বাজার সৃষ্টি হয়েছে। সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করছে। এটা হলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। আয় বাড়লে জনগণের জীবনযাত্রার মানও বাড়বে।
l সূত্র: সিএনএন
ভাষান্তর: মাহফুজাররহমান