আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছে এডুটিউব

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৮ অক্টোবর শুরু হবে তিন দিনের এম এডুকেশন অ্যালায়েন্স সম্মেলন ২০১৬। বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ই-লার্নিং ওয়েব পোর্টাল এডুটিউববিডি (www.edutubebd.com) অংশ নিচ্ছে এই সম্মেলনে। গোটা বিশ্ব থেকে জমা দেওয়া প্রস্তাবের মধ্যে শীর্ষ ৩০-এ জায়গা করে নিয়েছে এডুটিউববিডি।
এম এডুকেশন অ্যালায়েন্স সম্মেলনের মূল বিষয় হলো শিক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ, মূল্যায়ন, গুণগত মান নির্ধারণ, ডেটা সংগ্রহ, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, যুব উন্নয়ন এবং কর্মদক্ষতা, যেকোনো সফল পদক্ষেপের সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরি।
সম্মেলনে দুই শতাধিক বেশি দাতা সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক এনজিও, প্রকল্প উদ্ভাবক এবং সারা বিশ্বের প্রযুক্তি ও শিক্ষার সঙ্গে জড়িত নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
এডুটিউববিডির মূল প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের বাইরে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল এডুটিউববিডি। শুধু দেশের সফটওয়্যার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএলের জন্য নয়, এটি বাংলাদেশের তথা তথ্যপ্রযুক্তি খাতের জন্য গৌরব এবং সম্ভাবনার ব্যাপার। আমরা এই এডুটিউববিডি দিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনে ডিজিটাল বাংলাদেশের ব্র্যান্ডিং করব।’ এম এডুকেশন অ্যালায়েন্স সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.meducationalliance.org ঠিকানার ওয়েবসাইটে।