
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এদিকে আন্দোলনরত শিক্ষকেরাও জানিয়েছেন, তাঁরাও শিক্ষামন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারী অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অবস্থান জানানো হবে।
আজ শনিবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ও আন্দোলনরত শিক্ষকেরা সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত এই সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার জন্য গতকাল শুক্রবার বিকেলে ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি করে গত বুধবার থেকে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ আন্দোলন করে আসছে।আন্দোলনরত শিক্ষকদের অবরোধের মুখে উপাচার্য আনোয়ার হোসেন আজ টানা চতুর্থ দিনের মতো নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।
উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার বিচার না হওয়াসহ মোট ১২ দফা দাবিতে শিক্ষকেরা এ আন্দোলন করছেন।