আন্না হাজারের ব্লগ
ভারতের প্রখ্যাত সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে এবার অনলাইনে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। গত বৃহস্পতিবার তিনি একটি ব্লগসাইট চালু করেছেন। ‘আন্নাহাজারে সেইস নামে এই ব্লগটির (http://annahazaresays.wordpress.com) মারাঠি, হিন্দি ও ইংরেজি সংস্করণ রয়েছে। প্রথম দিন আন্না তাঁর ব্লগে লিখেছেন, সারা বিশ্বের মানুষ বিভিন্ন ইস্যুতে তাঁর চিন্তা ও দৃষ্টিভঙ্গি জানতে চায়। এই ব্লগের মাধ্যমে তিনি তাদের তা জানানোর চেষ্টা করবেন। গান্ধীবাদী এই নেতা বলেন, গত মাসে তিনি যে অনশন করেন তা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের শুরু মাত্র। এই আন্দোলন চলবে। স্বাধীনতার জন্য এটা ভারতের দ্বিতীয় সংগ্রাম। তাঁর ব্লগে আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে তাঁর আন্দোলকে সমর্থন করার জন্য মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে ধন্যবাদ জানান। আন্না বলেন, ‘দেশের জন্য যে ত্যাগ সু চি স্বীকার করেছেন সে জন্য আমার সহযোগী ও ভারতের জনগণের পক্ষ থেকে আমি সু চিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই।’ আন্না তাঁর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। এ দুটি অ্যাকাউন্ট খুলতে আন্নাকে সাহায্য করেছেন পুনার প্রধান তথ্য কর্মকর্তা বিজয় কুভালেকার এবং সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার রাজু পারুলেকার। আন্নার একজন ঘনিষ্ঠ সহযোগী বলেন, টুইটার ও ফেসবুক ভারতের পরবর্তী প্রজন্মের অহিংস আন্দোলনের হাতিয়ার হয়ে উঠছে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান