আন্নার দুর্নীতিবিরোধী আন্দোলন ফেসবুক ও ইউটিউবে
‘প্রিয় দেশবাসী, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? অবশ্যই নয়। এই যুদ্ধ বন্ধ করা তোমাদের উচিত হবে না।’ এক ভিডিও বার্তায় ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে এ কথাগুলো বলেছেন। তাঁকে গ্রেপ্তারের মিনিট খানেকের মধ্যে ইউটিউবে এ বার্তাটি পোস্ট করা হয়।ভারতজুড়ে ছড়িয়ে পড়া এ আন্দোলন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের মাধ্যমে পেয়েছে ভিন্ন মাত্রা। এ ছাড়া ইন্ডিয়াএগেইনেস্টকরাপশন ডটওআরজি নামে ওয়েবসাইটেও প্রতিনিয়ত ঘটনার আপডেট করা হচ্ছে।ইউটিউবে আপলোড করা ভিডিওটি আন্না হাজারেকে গ্রেপ্তারের আগেই তৈরি করা হয়েছিল এবং গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে এটি পোস্ট করা হয়। এখানে তিনি নেতৃত্বের ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদী, মনিষ সিসোদিয়া, শান্তি ভূষণসহ অন্যান্যের কথা বলেছেন।স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটিতে হাজারে বিক্ষোভকারীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমাদের প্রতিবাদ অবশ্যই অহিংস হবে। সরকারি ও ব্যক্তিগত সম্পদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ফেসবুক পেজ প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। আপডেট করা তথ্যের ওপর শত শত মানুষ তাদের মতামত দিচ্ছে। এ ছাড়া মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমেও চলছে এ দুর্নীতিবিরোধী আন্দোলন। প্রত্যেকে কমপক্ষে ১০ জন বন্ধুর কাছে পৌঁছে দিচ্ছেন ওই দুর্নীতিবিরোধী বার্তা।টুইটার ডটকম বা জনলোকপাল—এ ঠিকানায় তথ্য আপডেট করা হয়। হাজারেকে গ্রেপ্তারের সংবাদ টুইটারে পোস্টের সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। টাইমস অব ইন্ডিয়া।