ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বাড়তি সেমিস্টার ফি বহাল থাকছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
রেজিস্ট্রার আবদুল খালেক প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হকের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৮৯ জন সদস্য এ সভায় অংশ নেন। সভায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অতিরিক্ত সেমিস্টার ফি এক হাজার ২০০ টাকা বহাল রাখা, প্রতিটি অনুষদে ভালো ফলাফল অর্জনকারী ও দরিদ্র পাঁচ শিক্ষার্থীর সেমিস্টার ফি মওকুফের সুপারিশ, সনদপত্রে ভুল হলে তা সংশোধন করে নতুন সনদপত্র প্রদান, আগামী শীতে সমাবর্তনের আয়োজন ও পরীক্ষা পদ্ধতি বিকেন্দ্রীকরণ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভা থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব ফি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১৪ মে পরীক্ষা ফিসহ অন্যান্য ফির সঙ্গে অতিরিক্ত ধার্য করা এক হাজার ২০০ টাকা সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা আজকের সভার সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।
এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সেমিস্টার ফি বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রগতিশীল ছাত্র জোট।
একাডেমিক কাউন্সিলের সভায় নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল কী কর্মসূচি নেওয়া হবে—এ বিষয়ে আজ রাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।