আপনজনের সেবা নিচ্ছেন ৫০ হাজার গ্রাহক
বর্তমানে মোবাইল সেবা কার্যক্রম ‘আপনজন’-এর সেবা নিচ্ছেন প্রায় ৫০ হাজার গ্রাহক। দক্ষিণ এশিয়ায় অন্যতম জনপ্রিয় এ সেবা ২০১১ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয়, যা ২০১২ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। ‘স্বাস্থ্য হাতের মুঠোয়’ স্লোগানে এ সেবা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেট। আপনজন সেবাটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগভিত্তিক একটি চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের সহযোগিতায় রয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও বাংলাদেশ সরকার। বিজ্ঞপ্তি।সারা দেশে যেকোনো মোবাইল ফোনের গ্রাহকেরা ১৬২২৭ নম্বরে ফোন করে গর্ভবতী মা, নবজাতকের মা এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যতথ্য পরামর্শ সেবা পাচ্ছেন। গর্ভাবস্থায় মায়ের যথাযথ যত্ন এবং সন্তান জন্মের পর মা ও শিশুর যত্নের ব্যাপারে উৎসাহিত করতে আপনজন সেবা মোবাইল ফোনের মাধ্যমে মা ও তার পরিবারের সদস্যদের সপ্তাহে সপ্তাহে স্বাস্থ্যতথ্য দিয়ে থাকে। স্বল্প মূল্যের এ সেবা আপনজন মোট গ্রাহকসংখ্যার শতকরা ২০ ভাগ দরিদ্র মায়েদের বিনা মূল্যে দিয়ে থাকে। আপনজনের উদ্দেশ্য, এর মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যুহার কমানো। আপনজনের সেবা শুধু গর্ভবতী ও নতুন মায়েদেরই নয়, মায়েদের পরিবারের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের তথ্য পরামর্শ সেবা দিয়ে থাকে।