আপনার ওয়াশিং মেশিন নিরাপদ তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের কয়েকটি মডেলের ওয়াশিং মেশিনে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। ছবি: রয়টার্স
স্যামসাংয়ের কয়েকটি মডেলের ওয়াশিং মেশিনে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। ছবি: রয়টার্স

স্যামসাংয়ের কয়েকটি মডেলের ওয়াশিং মেশিন বিস্ফোরণ ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও হয়েছে।
স্যামসাংয়ের স্মার্টফোন বিস্ফোরণের খবরের রেশ কাটতে না কাটতেই জানা গেল এর ওয়াশিং মেশিন নিয়ে এই ঝুঁকির কথা।
যুক্তরাষ্ট্রের ভোক্তাপণ্য নিরাপদ কমিশন গ্রাহকদের সতর্ক করে বলেছে, স্যামসাংয়ের কয়েকটি মডেলের ওয়াশিং মেশিন নিরাপদ নয়। এতে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
২৮ সেপ্টেম্বর ইউএস কনজুমার প্রোডাক্ট সেফটি কমিশন (সিপিএসসি) এক বিবৃতিতে স্যামসাংয়ের ওয়াশিং মেশিন বিস্ফোরণ বিষয়ে সতর্ক করে। ব্যাটারি সমস্যায় গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিশালসংখ্যক হ্যান্ডসেট বদলে দিতে হচ্ছে স্যামসাংকে। এরই মধ্যে এল ওয়াশিং মেশিন বিস্ফোরণের এ তথ্য।

সিপিএসসি ২০১১ সালের মার্চ থেকে ২০১৬ সালের এপ্রিল মাসের মধ্যে তৈরি নির্দিষ্ট কিছু মডেলের টপ লোডিং ওয়াশিং মেশিনে ঝুঁকির কথা বলেছেন।

এবিসি নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিপিএসসি গ্রাহকের কাছ থেকে ২১টি অভিযোগ পেয়েছে। গ্রাহকদের অভিযোগ ওয়াশিং মেশিন বিস্ফোরণ ঘটে খণ্ড খণ্ড হয়ে গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিং মেশিন বিস্ফোরণের ঘটনায় স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা হওয়ায় যুক্তরাষ্ট্রের ভোক্তা নজরদারির প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। সিপিএসসির দাবি, ওয়াশিং মেশিনে যে ত্রুটি আছে, তাতে ভোক্তা আহত বা তাঁর কোনো ক্ষতি হতে পারে।

স্যামসাংয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বেডিং কিংবা ভারী বা পানি প্রতিরোধী কিছু জিনিস ধোয়ার সময় বিরল কিছু ঘটনা দেখা যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত কিছু ইউনিটে অস্বাভাবিক কম্পন দেখা দিলে আহত হওয়া বা সম্পদের ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।’

গ্রাহকদের জন্য স্যামসাংয়ের পরামর্শ হচ্ছে, ক্ষতিগ্রস্ত মডেলের ক্ষেত্রে ভারী বস্তু ধোয়ার সময় কম গতিসম্পন্ন ‘ডেলিকেট সাইকেল’ ব্যবহার করতে হবে। কোন মডেল ক্ষতিগ্রস্ত হয়েছে স্যামসাং তা জানায়নি। তবে গ্রাহকদের জন্য তাঁদের ওয়াশিং মেশিন ঝুঁকির তালিকায় আছে কি না, তা দেখার জন্য একটি লিংক দিয়েছে। লিংকটি হলো (https://pages.samsung.com/us/top_load_washer/index.jsp)

তথ্যসূত্র : বিবিসি, কোয়ার্টজ।