আপনার ফোন কী ম্যালওয়্যারে আক্রান্ত?

গুগল প্লে স্টোরে থাকা ম্যালওয়্যারযুক্ত অ্যাপসের কারণেই কয়েক লাখ অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে। ম্যালওয়্যারযুক্ত এ ধরনের অ্যাপসের মধ্যে রয়েছে ডুরাক কার্ড, হিস্টোরি গেম ও আইকিউ টেস্ট। এখন পর্যন্ত দেড় কোটিবার ডাউনলোড হয়েছে এ ধরনের অ্যাপ। অ্যান্টিভাইরাস নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাভাস্ট সম্প্রতি গুগলের প্লে স্টোরে এ ধরনের ম্যালওয়্যারযুক্ত অ্যাপসের সন্ধান পেয়েছে।
অ্যাভাস্টের দাবি, এ ধরনের অ্যাপে খুব সতর্কভাবে ম্যালওয়্যার কোড বসানো থাকে বলে অ্যাপ ইনস্টল করার সঙ্গে সঙ্গেই তা স্মার্টফোনে আক্রমণ করে না। এক মাস বা তার চেয়েও দীর্ঘ সময় পরে এই ম্যালওয়্যারগুলো কাজ শুরু করে। এ ধরনের ম্যালওয়্যার ফোনে ইনস্টল হয়ে গেলে তা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন প্রদর্শন, ফোনের অস্বাভাবিক আচরণ করতে শুরু করে।
অ্যাভাস্টের মোবাইল ম্যালওয়্যার বিশ্লেষক ফিলিপ ছেত্রী জানিয়েছেন, ‘মোবাইল ফোন রিবুট না করা পর্যন্ত এই ম্যালওয়্যার বিব্রত করতে থাকে। অনেক সময় ম্যালওয়্যারটি দূর করতে স্মার্টফোন রিবুট করার পরও কয়েক দিন অপেক্ষা করতে হয়। ম্যালওয়্যারে আক্রান্ত হলে এক সপ্তাহ পর থেকেই স্মার্টফোন অদ্ভুত আচরণ করতে শুরু করে। অনেক সময় ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার বিষয়টি টের পেতে এক মাসও লেগে যেতে পারে। আক্রান্ত হলে যখনই মোবাইল ফোন চালু করা হয় তখনই একটি বিজ্ঞাপন প্রদর্শিত হয়; যাতে বলা হয়, আপনার মোবাইলে কোনো জায়গা খালি নেই অথবা মোবাইলে পর্নো ভর্তি হয়ে গেছে।’
গুগল প্লে স্টোর থেকে এখন এই অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে।
মোবাইলে এই সমস্যা দূর করতে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। ব্যবহারকারী তা গ্রহণ করলেই তখন অন্য আরেকটি ওয়েবসাইটে চলে যান ব্যবহারকারী। মোবাইলের সমস্যা সমাধান করতে প্লে স্টোরের বাইরের কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য প্রলুব্ধ করা হয়। এমনকি অনেক সময় ব্যবহারকারীর কাছে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অ্যান্টিভাইরাস ডাউনলোড করার জন্যও পরামর্শ দেওয়া হয়।
ফিলিপ ছেত্রী বলেন, নিরাপত্তা অ্যাপগুলো ক্ষতিকারক না হলেও তা ইনস্টল করলে ওই ম্যালওয়্যারটি দূর করতে পারে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আরসটেকনিকার বিশ্লেষক ড্যান গুডলিন বলেন, গুগল প্লে স্টোরে থাকা কোনো অ্যাপে ম্যালওয়্যার রয়েছে তা নির্ধারণ করার কোনো উপায় নেই। তবে আসল অ্যাপ চেনার জন্য পরিচিত নির্মাতা ও অ্যাপের ডাউনলোড সংখ্যার দিকে তাকালেই তা বোঝা যাবে। ভুয়া অ্যাপের তুলনায় আসল অ্যাপ ডাউনলোড বেশি হয়।