আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
বিধাতার এই বিশাল সৃষ্টিতে অসুন্দর বলে কিছু নেই। মানুষের মধ্যেও কারও চেহারাই আমি অসুন্দর দেখি না। আসলে তার অন্তরের সৌন্দর্য তাকে সুন্দর করে তোলে। প্রিয় মেষ, নিজের অন্তরের দিকে দৃষ্টিপাত করুন এবং অন্যের অন্তরকেও জানার চেষ্টা করুন। চলতি সপ্তাহ আপনার খুব ভালো যাবে।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
কিছু বছর থেকে বিজ্ঞাপনের ভাষা এসে আমাদের ছোট বাচ্চাদের ভাষাকে নেতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। যেমন, ইংরেজি বানানে একটি শিশুকে যদি আপনি cat-এর জায়গায় kat কিংবা music শব্দটিকে musik কিংবা muzik লিখতে দেখেন, তাহলে অবাক হবেন না। কেননা, শিশুরা টেলিভিশনে প্রতিদিন দীর্ঘ সময় ধরে এ-জাতীয় বানান দেখে যাচ্ছে। গণমাধ্যমে প্রচারিত ভাষা আপনাকে ততটা প্রভাবিত করবে না, যতটা করবে একটি শিশুকে। আমি যা বলতে চাই আপনি, তা বুঝে গেছেন, তবে এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার বিশেষ কিছু করার নেই। বৃষ তার উন্নত রুচির জন্য পরিচিত। এ সপ্তাহে এ নিয়ে তাঁকে ভাবতে হবে।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬>
নতুন ব্যবসায় হাত দিতে গেলে একটু থেমে ভালো করে ভেবে নিন। যেকোনো নতুন ব্যবসা করতে গেলে এটা এমনিতেই প্রয়োজন। তবে কথাটা আপনাকে বিশেষভাবে বলছি। শুধু ব্যবসায় নয়, অন্য সব কাজ আরম্ভ করার ক্ষেত্রেও ওই একই কথা।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
বিদেশযাত্রার সম্ভাবনা আছে। স্থানীয় ভ্রমণও হতে পারে। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সাবধানি হবেন। জীবনের অন্যান্য দিক মোটামুটি ভালোই চলবে।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
ওজন সমস্যায় বিব্রত হতে পারেন। তবে ওজন নিয়ন্ত্রণের এত সব পদ্ধতি থাকতে ঘাবড়ানোর কারণ দেখি না। দৈহিক ওজন বাড়া-কমা মূলত নির্ভর করে খাদ্যাভ্যাসের ওপর। প্রাচীন শাস্ত্রে আছে, ‘তোমার খাদ্য যাহা, তুমিও তাহাই।’ আমার বইতে একটি অধ্যায় আছে ‘ভাগ্যের ওপর খাদ্যের প্রভাব’। জ্যোতিষী হলেও আমি এই বিষয়টিকে প্রাধান্য দিই।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
কন্যা ব্যবসায়ীর জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিচার-বিবেচনা করে অগ্রসর হোন। নিশ্চয় সাফল্য পাবেন। অন্যান্য পেশায় যাঁরা আছেন, তাঁদের জন্যও সপ্তাহটি শুভ ফল বয়ে আনবে।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
আপনি এখন কিছুটা ঘোরের মধ্যে দিন কাটাবেন। সবকিছুই আপনার কাছে অস্পষ্ট কিংবা আবছা-আবছা মনে হবে। এ অবস্থায় কিছুতেই মনোবল হারাবেন না। এই ক্রান্তিকাল আপনি শিগগিরই পার হয়ে যাবেন। কবীর সুমনের গান আছে না, ‘হাল ছেড়ো না বন্ধু আমার, কণ্ঠ ছাড়ো জোরে...’।
বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
একাধিক পরীক্ষায় ১০০-তে ১০০ পাওয়া শিক্ষার্থীর খাতায়ও আপনি একটা না একটা খুঁত খুঁজে বের করতে পারবেন। সব ঠিক আছে, অথচ দেখলেন তার হাতের লেখার ভঙ্গিমাটা হয়তো তেমন সুন্দর নয়। হয়তো তার লেখায় অক্ষর ও লাইনবিন্যাস আর নয়তো মার্জিন, সব মিলিয়ে যাকে বলা হয় স্পেসিং, সেটা ত্রুটিপূর্ণ। কারও কারও কোনো বিশেষ অক্ষর রচনায় এমন মুদ্রাদোষ রয়েছে যে চট করে পড়ে বুঝতে অসুবিধা হয়। অর্থাৎ, আমি বোঝাতে চাইছি, পৃথিবীতে শতভাগ শুদ্ধ বলে কিছু নেই। কাজেই প্রিয় বৃশ্চিক, আপনার সঙ্গীর দিকে ক্ষমার দৃষ্টিতে তাকান।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
একটা চলন্ত গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলেও কিছুটা পথ সে আপন গতিবেগের ওপর ভর করে এগিয়ে যায়। তেমনই, আপনার গত সপ্তাহের সাফল্যও চলতি সপ্তাহে এসে সমান চালু থাকবে। সে ক্ষেত্রে আপনার আশাবাদী হওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
ব্যক্তিগত জীবনে কারও সঙ্গে বিবাদে লিপ্ত হবেন না। কাউকে কড়া কথা বলবেন না। নিজে শান্তিতে থাকুন, অন্যকে শান্তিতে থাকতে দিন। সবদিক আপনার ভালোই আছে।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
সপ্তাহের শুরুতে কিছুটা হতাশ এবং নেই নেই ধরনের ভাবনা আসতে পারে। এই তালে খানিকটা জিরিয়ে নিন, মানে বিশ্রাম নিয়ে নিন। এই বিশ্রামটা আপনার কাজে লাগবে।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
রাশিশাস্ত্র অনুযায়ী, মীনের অনেক গুণ থাকলেও মানুষ হিসেবে কিছু দোষ ত্রুটিও আছে। কাজেই, এ সপ্তাহে গভীরভাবে আত্মবিশ্লেষণ করুন। দোষ কিছু খুঁজে পেলে অন্তত নিজের কাছে তা স্বীকার করে নিন। শুভ হোক!