আপনার লুমিয়া উইন্ডোজ ১০ পাবে তো?

২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে মাইক্রোসফট। কিন্তু মাইক্রোসফটের তৈরি সব উইন্ডোজ ফোনে নতুন এই ওএস আপগ্রেড করা যাবে না। লুমিয়া কনভারশেসন ব্লগে মাইক্রোসফট জানিয়েছে, ‘সব ফোনেই নতুন উইন্ডোজ আপগ্রেড করা যাবে না বা উইন্ডোজের সব ফিচার সমর্থন করবে না। অবশ্য উইন্ডোজ ফোন ৮ ও ৮.১ চালিত অধিকাংশ ফোনেই এটি আপগ্রেড করা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট এ তথ্য জানিয়েছে।
প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গে নতুন একটি অফিস স্যুট অ্যাপ উন্মুক্ত করবে মাইক্রোসফট যা অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের চেয়ে উন্নত সুবিধা দেবে। দীর্ঘদিন ধরেই উইন্ডোজ-ভক্তরা অভিযোগ করছেন যে মাইক্রোসফট তাদের ফোন ব্যবহারকারীদের জন্য অফিস সফটওয়্যারের উন্নত সংস্করণ না এনে এত দিন কেবল অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য অফিস সফটওয়্যারের উন্নত সংস্করণ আনতে ব্যস্ত ছিল। এবারে সেই অভিযোগ কিছুটা কমবে বলেই মনে করছে মাইক্রোসফট। নতুন অফিস ছাড়াও উইন্ডোজ ১০ এ যুক্ত হচ্ছে উন্নত ভারচুয়াল সহকারী কর্টানা ও ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার। উইন্ডোজ ১০ নির্ভর পিসি ও ট্যাবের সঙ্গে সংযোগ সুবিধাও আরও উন্নত হবে নতুন ওএসের সঙ্গে।
কোন কোন লুমিয়া ফোন উইন্ডোজ ১০ পাবে না? বিষয়টি যদিও এখনো পরিষ্কার করেনি মাইক্রোসফট কর্তৃপক্ষ তার পরও প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, সাশ্রয়ী হওয়া সত্ত্বেও মাইক্রোসফটের সর্বশেষ স্মার্টফোনগুলোতে (লুমিয়া ৪৩৫ ও ৫৩০ মডেল) এক গিগাবাইট র্যাম যুক্ত হয়েছে। লুমিয়ার আগের সাশ্রয়ী সংস্করণের র্যাম ছিল ৫১২ মেগাবাইট। এ থেকে সহজেই বোঝা যায় লুমিয়ার যে স্মার্টফোনে কমপক্ষে এক জিবি র্যাম আছে সেগুলো উইন্ডোজ ১০ দিয়ে হালনাগাদ করা যাবে।