আপনি এখন কী দিয়ে রান্না করবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভাত-ডাল রান্নার কাজে গ্যাসের ব্যবহার পুরোপুরি অপচয়। রান্নার বিকল্প রয়েছে। আন্দোলন বা চিৎকার করে কোনো লাভ হবে না। কোনোভাবেই পাবেন না।...রান্নায় গ্যাসের ব্যবহার চলবে না। (সূত্র: প্রথম আলো, ১৩ আগস্ট ২০১৬) লেখা: মোস্তফা মনোয়ার

গ্যাস

গ্যাস দিয়ে রান্না করবেন আপনি? গ্যাস? স্রেফ মাথা খারাপ হয়ে গেছে আপনার! আপনি জানেন দেশের মোট গ্যাসের শতকরা ১২ ভাগ ব্যবহৃত হয় রান্নাবান্নার কাজে? আপনি আরও বেশি গ্যাস ব্যবহার করে ভাত রান্না করলে শিল্পকারখানাগুলো গ্যাসের অভাবে মাছি মারবে। একদিকে দেশীয় শিল্প পড়বে হুমকির মুখে, অন্যদিকে প্রাণী হত্যার দায়ে মামলা খাবে আন্তর্জাতিক আদালতে! আপনি তো দেশের শত্রু। তাই খবরদার, গ্যাস দিয়ে কোনো রান্না করবেন না!
বিদ্যুৎ

বিদ্যুৎ? আপনার কথা শুনে মাথায় বিদ্যুৎ খেলে যাওয়ার দশা! যেখানে আমাদের দেশে বিদ্যুতের এত প্রয়োজন, সেখানে আপনি বিদ্যুৎ দিয়ে ভাত রান্না করবেন? আপনাকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্তল থেকে তীব্র নিন্দা। আপনার ঘরের বিদ্যুতের লাইনও তো বন্ধ করে দেওয়া উচিত। যে দিন আসছে, ভাত-তরকারি ছাড়া থাকতে পারবেন, বিদ্যুৎ ছাড়া পারবেন না! বিষয়টা খেয়াল রাখবেন আশা করি।

কয়লা

কয়লা দিয়ে রান্নাবান্নার কাজ করতে চান আপনি?

যে কয়লা দিয়ে রামপালে বিদ্যুৎকেন্দ্র হওয়ার কথা, সেই কয়লা আপনি ভাত-ডাল রান্না করার মতো তুচ্ছ কাজে লাগাবেন? ছি ছি ছি! আপনার স্বভাব তো কয়লার মতোই! যতই ধোওয়া হোক না কেন, ময়লা যাবে না।

মন-মানসিকতা পরিষ্কার করুন, সেই সঙ্গে দেশ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। আপনার ভাত-ডাল দিয়ে কি এই জাতি ফ্যান-বাল্ব চালাবে?

বিপদে পড়ে গেলেন? ভুলে যাচ্ছেন কেন, বাংলাদেশে কিন্তু একটা জিনিসের প্রাচুর্য আছে। তা হলো পানি! বাংলাদেশ নদীমাতৃক দেশ। তারপর যে হারে বন্যা হচ্ছে, সবকিছু শেষ হয়ে গেলেও পানি শেষ হবে না। তারপর পরিবেশবিদেরা যেন কী বলেন, বাংলাদেশ পানিতে ভেসে যাবে না কী যেন!

তাই আপনি বরং পানি দিয়েই ভাত-তরকারি রান্না করতে পারেন কি না দেখুন।