আপনি কি মিশুক?

মানুষের মধ্যে কারও বন্ধুর সংখ্যা বেশি, আবার কারও বন্ধুবান্ধব একেবারে হাতে গোনা। এই পার্থক্য দেখে ধারণা করা যায়, নির্দিষ্ট একজন মানুষ মিশুক, নাকি একা থাকতেই বেশি পছন্দ করে। কিন্তু মানুষের এই বৈশিষ্ট্যের নেপথ্যে মস্তিষ্কের গঠনও গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই দাবি করছেন।
গবেষকেরা বলছেন, মিশুক ব্যক্তিদের মস্তিষ্কের প্রায় ছয়টি নির্দিষ্ট অংশের আকার তুলনামূলক বড় হয়ে থাকে। আর এসব অংশের পারস্পরিক সংযোগও তুলনামূলক শক্তিশালী। সম্ভবত এ ধরনের মস্তিষ্কধারী মানুষই অন্যদের সঙ্গে মিশতে বেশি পছন্দ করে। ১৮ জন নারী-পুরুষের মস্তিষ্কের গঠন নিয়ে নিবিড় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ (স্ক্যান) এবং তাদের সামাজিক আচার-আচরণের ধরন নিয়ে গবেষণার পরিপ্রেক্ষিতে ওই বিশেষ পার্থক্য শনাক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট গবেষক মেরি অ্যান নুনান বলেন, মস্তিষ্কের একাধিক অংশের মধ্যে দৃঢ় সংযোগের কারণেই কিছু মানুষের স্মৃতিতে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যাপারটি তুলনামূলক বেশি কার্যকরভাবে সম্পন্ন হয়। এ কারণেই তারা বেশি মিশুক প্রকৃতির আচরণ করতে পারে। টেলিগ্রাফ