আপেলে কোমল পানীয়ের স্বাদ!

আপেলে কামড় দেওয়ার পর মুখে একবার কোমল পানীয়ের স্বাদের কথা চিন্তা করুন। বিজ্ঞানের কল্যাণে অনেক কল্পনার বিষয়ই এখন বাস্তবে পরিণত হয়েছে। গবেষকেরা সম্প্রতি এক জাতের আপেলের জিনগত পরিবর্তন ঘটিয়েছেন, যার ফলে ওই আপেলে কামড় দিলে মুখে কোমল পানীয়ের স্বাদ পাওয়া যাবে। এক খবরে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
সুইজারল্যান্ডের লুবের নামের একটি প্রতিষ্ঠান ‘প্যারাডিস স্পার্কলিং অ্যাপল’ নামের এই আপেল উদ্ভাবন করেছেন। তাঁদের দাবি, বিশ্বে কোমল পানীয় স্বাদের আপেল এটাই প্রথম। পূর্ব জার্মানির রেসি আপেলের সঙ্গে পিরোইটি আপেলের ক্রস বিডিং ঘটিয়ে নতুন জাতের আপেল উদ্ভাবনের দাবি করেছেন তাঁরা।
লুবেরার উৎপাদন ব্যবস্থাপক রবার্ট মেয়ারহোফার জানিয়েছেন, নতুন জাতের আপেল তৈরিতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এই আপেলে নরম বড় বড় কোষযুক্ত নরম শাঁস রয়েছে, যা মুখের ভেতর দিলে ভেঙে পড়ে অ্যাসিডিটি ও চিনি তৈরি করে মুখে কোমল পানীয়ের স্বাদ আনে।
লুবেরা তাদের ওয়েবসাইটে দাবি করেছে, আপেল সাধারণত আপেলই হয়। কিন্তু এ ক্ষেত্রে আমাদের প্যারাডিস স্পার্কলিং আলাদা। এতটাই আলাদা যে, স্পার্কলিং আপনার মুখের ভেতরটা রসে ভরিয়ে তোলে এবং এর বড় বড় কোষ থেকে রসাল নির্যাস মুখে যাওয়ায় সোডার মতো স্বাদ অনুভূত হয়।