আফটার শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হন্তদন্ত হয়ে জুলহাস উদ্দিন ওরফে জুলুর ডেরায় হাজির নাইমুর। জুলু জানে, চোখে রোদের আঁচ না লাগলে ঘুম ভাঙে না নাইমুরের। তাই সাতসকালে ওকে দেখে একটু অবাক। বলে, ‘কিরে, এত সকালে ক্যান?’
নাইমুর সোজাসুজি বলে, ‘টাকাগুলা জলদি ফেরত দেও মামা।’
জুলু চোখ কচলে বলে, ‘কিসের টেকা?’
‘ন্যাকা সাইজো না। বিদেশ যাওনের লাইগা যে দেড় লাখ টেকা দিলাম, সেই টেকা।’
‘তোরে না কইলাম আরও লাখ তিনেক লাগব। দেড়ে অইব না। এহন আবার ফিরত চাস ক্যান?’
‘আমার বিদেশ যাওনের কাম নাই। বিদেশ পাঠানোর নাম কইরা আমারে যে নাওয়ে কইরা পরপারে ভাসাইবা না, তার ঠিক আছে?’
‘এইটা কী কস! তুই আমার ভাইগ্না না?’
‘দিন পাইল্টা গেছে, মামা। সম্পর্ক এহন কোনো বিষয় না।’
‘এত বড় কথা তুই মুখের ওপর কইতে পারলি! রক্তের সম্পর্ক না হয় না-ই আছে, সম্পর্কে গলদ কোনহানে ক তো? কুদ্দুইচ্চার হোটেলে যে বাকি পড়ছিল, কে দিছে?’
‘নেমক হারামি করমু না। তুমিই দিছো।’
‘ডার্লিংয়ের লগে টক করার রিচার্জ...’
‘তুমি।’
‘নাপিতের টেকা...’
‘তুমি।’
‘যহন-তহন কলিজা-পরোটা...’
‘তুমি।’
‘তারপরও মামা না হওয়ার আর কী কারণ থাকতে পারে?’
‘আইচ্ছা, ভুল অইছে, মাফ কইরা দেও। অহনে টেকা দেও।’
‘বিদেশ যাইবি না ক্যান?’
‘বিদেশ অহনে ভুয়া জিনিস। ওই হানে আজাব ছাড়া কিছু নাই। জান নিয়া টানাটানি। কাগজ আর টিভিতে দেখো না কত কষ্ট হ্যাগো। মায় কইছে অক্ষনে টেকা ফিরত আন। বাপে লাঠি লইয়া খাড়াইয়া রইছে। জলদি টেকা ফিরত দেও।’
‘বিদেশ না গেলে কী কইরা খাবি?’
‘ক্যান, কামের অভাব?’
‘পেটে বিদ্যা না থাকলে তো অভাবই। ভূমিকম্পের রিখটার স্কেল কী, জানোস না। আবার চাকরি?’
‘বিদ্যা নিয়া বাড়াবাড়ি কইরো না। কী আমার বিদ্যার জাহাজ! কও তো, আফটার শক কী?’
জুলুর মুখ থমথমে হয়ে যায়। বলে, ‘বুঝছি, তোর ওপর শনি চড়ছে। আইচ্ছা, বিকেলে আইসা টেকা নিয়া যাইস। তহন আফটার শকের জবাবটাও দিমুনে। ’
‘বিকেলে যেন আবার অন্য কথা না শুনি।’
এই বলে বাসার পথ ধরে নাইমুর। পথে সমবয়সী রাজা ও মুন্নার সঙ্গে দেখা। ওরাও বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছে জুলুকে। এখন ফেরত আনতে যাচ্ছে।
বিকেলে যথাসময়ে জুলুর ডেরায় পৌঁছে হকচকিয়ে যায় নাইমুর। পটাপট কয়েকটা ঢোঁক গেলে। জুলুর দরজায় পুলিশ খাড়া। একজন এসআই, তিনজন কনস্টেবল। সেখানে ছোটখাটো ভিড়। কী হয়েছে? জুলুর নামে অবৈধভাবে মানব পাচারের অভিযোগ উঠেছে। থানায় মামলা হয়েছে। জুলুকে কষে বাঁধা হয়েছে পিঠমোড়া করে।
জুলুর ওপর নাইমুরের রাগ হবে কি, বুকের ভেতর কেমন একটা কষ্ট মোচড় দিয়ে উঠল। আবেগের ঢল নামল গলায়, ‘মামা, তোমার মনে এই ছিল?’
চোখের সামনে দিয়ে জুলুকে একটা ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। ভারাক্রান্ত হৃদয়ে বাড়ি পৌঁছাল নাইমুর। সব শুনে বাবা রেগে আগুন, ‘আরে হাঁ করা বলদ, পুলিশকে কস নাই ক্যান ওই বাটপারটা তোরও টাকা খাইছে। চল, থানায় এহনই মামলা দিতে অইব।’
নাইমুরকে নিয়ে থানায় যান বাবা। সব শুনে ডিউটি অফিসার আকাশ থেকে পড়েন। বলেন, ‘কই, আমাদের কাছে তো এ ধরনের কোনো অভিযোগ নেই। আর আমাদের থানার পুলিশ এমন কোনো আসামিকেও ধরতে যায়নি।’
তাহলে? রহস্য উদ্ঘাটন হতে সময় লাগে না। বোঝা যায়, জুলুর সাঙ্গপাঙ্গরাই পুলিশ সেজে তাকে নিরাপদে পার করেছে। নাইমুরকে দিয়ে গেছে আফটার শকের জবাব।