শীর্ষ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আফ্রিকার অনেক দেশ শিশুদের কাছে জীবনরক্ষাকারী ওষুধ ও টিকা সরবরাহে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এতে করে কোনো ধরনের আলস্য প্রাণঘাতী রোগ থেকে কোটি কোটি শিশুর জীবন বাঁচানোর জন্য শত শত কোটি ডলারের চেষ্টা মুখ থুবড়ে পড়বে। জেনেভায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্যবিষয়ক সম্মেলন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার আগে বিল গেটস সেনেগালে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। বিল গেটস বলেন, নাইজেরিয়া, চাঁদ, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রসহ বেশ কয়েককটি দেশের অর্ধেকের বেশি শিশু প্রয়োজনীয় টিকা ও ওষুধ পাচ্ছে না। সংশ্লিষ্ট দেশগুলোর সরকারই এ জন্য দায়ী। এ ব্যাপারে তাদের কোনো মাথাব্যথা নেই। বিল গেটস বলেন, বিশ্বের অধিকাংশ দেশ থেকে পোলিও নির্মূল হয়ে গেছে। কেবল আফ্রিকার কয়েকটি দেশে এখনো এ রোগ আছে। পোলিও নির্মূলে এসব দেশকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সব শিশুর কাছে যাতে পোলিও টিকা পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, আফ্রিকায় প্রতি বছর ডায়রিয়া ও নিউমোনিয়ায় লাখ লাখ শিশু মারা যায়। এ দুটি রোগের টিকার দাম বেশি হওয়ায় এমনটি ঘটছে। বিল গেটস টিকার দাম কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, টিকার দাম কমানোটা খুব জরুরি। কারণ, অনেক দরিদ্র পরিবারই এসব টিকা কেনার সামর্থ্য রাখে না। ফলে মারা যাচ্ছে শিশুরা। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান