আফ্রিকার শিক্ষার্থীদের জন্য ই-বই দিয়েছে বার্সেলোনা
জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সেলোনা আফ্রিকার দরিদ্র দেশগুলোর শিশুদের শিক্ষা বিস্তারে ১০ লাখ ই-বই দিয়েছে। সম্প্রতি বার্সেলোনা এ নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ওয়ার্ল্ডরিডারকে (http://millionbooks. worldreader.org) এ বইগুলো দিয়েছে। ওয়ার্ল্ডরিডার আফ্রিকার বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের কাছে এ ই-বই পৌঁছে দিচ্ছে। ওয়ার্ল্ডরিডার ইতিমধ্যে আফ্রিকার দেশ ঘানা, কেনিয়া ও উগান্ডার এক হাজার শিক্ষার্থীর হাতে ই-বই দিয়েছে। শুরু থেকে এ উদ্যোগ সফলতার মুখ দেখছে বলে জানিয়েছে সংস্থাটি। ওয়ার্ল্ডরিডারের প্রধান নির্বাহী ডেভিড রিসার ই-বইয়ের ব্যাপারে জানান, ‘আফ্রিকার শিক্ষার্থীদের নিয়ে আমরা আলাদা চিন্তা করেছি। এ ক্ষেত্রে বিশ্বখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনা আমাদের বিশেষ সাহায্য করছে। কারণ, শিক্ষার্থীরা খেলোয়াড়দের ছবি দেখে অনুপ্রাণিত হবে এবং তাঁদের আদর্শ পালন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতেই নানা পরিকল্পনা করা হয়েছে।’ ডেভিড রিসার এর আগে বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজনে কর্মরত ছিলেন। ২০১০ সালের নভেম্বরে ঘানায় ইউএসএআইডির সহযোগিতায় ই-বই বিতরণ করা হয়েছিল। সেখানে পরবর্তী সময় শিক্ষার হার এবং ই-বইয়ের ব্যবহার বেড়ে ১২.৯ থেকে ১৫.৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে শুধু ই-বই হাতে পৌঁছানোই নয়, যাতে বিশ্বখ্যাত ফুটবলারদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে পড়াশোনায়ও আগ্রহী হয় সে জন্যই বার্সোলোনার সহযোগিতায় এ উদ্যোগ। ওয়ার্ল্ডরিডারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রযুক্তি জগতের বিখ্যাত প্রতিষ্ঠানগুলো। আর এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় বার্সোলোনার প্রশংসাও করেছেন অনেকেই। —বার্সাবুলগেরিয়ানস ও ম্যাশএবল অবলম্বনে কাজী আশফাক আলম