আবদুল্লাহ এইচ কাফী অ্যাসোসিওর সভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাসোসিওর মাধ্যমে আমি চেষ্টা করব উন্নত ও স্বল্পোন্নত দেশের মধ্যে বিদ্যমান ডিজিটাল বৈষম্য কমাতে।’ এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠনগুলোর আন্তর্জাতিক সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম আলোকে এভাবেই প্রতিক্রিয়া জানান বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি আবদুল্লাাহ এইচ কাফী। ১৫ নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর হিলটন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত অ্যাসোসিওর বার্ষিক বোর্ড সভা এবং অ্যাসোসিও সামিট ২০১২-এ সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। চার দিনের এ সভায় বিসিএসের সহসভাপতি মো. মঈনুল ইসলাম ও মহাসচিব মো. শাহিদ-উল-মুনীরও অংশ নিচ্ছেন।আবদুল্লাহ এইচ কাফী ২০১৩-১৪ মেয়াদে অ্যাসোসিওর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার সিঙ্গাপুর থেকে টেলিফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। জাপান, কোরিয়া, তাইওয়ান, ভারতের মতো তথ্যপ্রযুক্তিতে অগ্রসর দেশ এ সংগঠনের সদস্য। সেখানে বাংলাদেশকে সভাপতি হিসেবে নির্বাচিত করা খুব আনন্দের।’ এর আগে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত কাফী অ্যাসোসিওর সহসভাপতি এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত উপ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত সম্পর্কে আবদুল্লাহ এইচ কাফী বলেন, ‘আমরা অনেক দেশের আগে তথ্যপ্রযুক্তিতে যাত্রা শুরু করলেও অন্যরা এখন অনেক এগিয়েছে। ঐক্যবদ্ধ হয়ে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করলে আমরা তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে যেতে পারব।’ ১৯৮১ সালে দেশে তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত হন আবদুল্লাহ এইচ কাফী। ১৯৯০ সালে তিনি ব্যবসায়িক অংশীদারের সঙ্গে প্রতিষ্ঠা করেন জেএএন অ্যাসোসিয়েটস। বিসিএসের প্রতিষ্ঠাকালীন নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৮৪ সালে জাপানের টোকিওতে যাত্রা শুরু হয় অ্যাসোসিওর। বর্তমানে এর সদস্য দেশ২২টি ও অতিথিসদস্য দেশ সাতটি।—নিজস্ব প্রতিবেদক