আবার গড়ে উঠছে হোমস শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার বিধ্বস্ত হোমস শহর
সিরিয়ার বিধ্বস্ত হোমস শহর

টাওয়ারটি আগের মতোই দাঁড়িয়ে। তবে সারা গায়ে ক্ষত৷ টাওয়ারের শীর্ষে থাকা ঘড়ির কাঁটা আর টিকটিক করে সময় দেয় না। সিরিয়ায় গত তিন বছরেরও বেশি সময় ধরে চলা সরকারবিরোধী যুদ্ধের সাক্ষী দেশটির হোমস শহরের বিখ্যাত এই ঘড়ি-টাওয়ার।
মাসের পর মাস শহরটিতে বৃষ্টির মতো বোমা পড়েছে। ঝাঁকে ঝাঁকে গুলি। ধ্বংসলীলা থেকে কিছুই বাদ যায়নি—সড়ক, ভবন, ঘরবাড়ি, এমনকি মসজিদ-গির্জাও। সাজানো শহরটা তছনছ হয়ে গেছে।
যুদ্ধের কারণে শহরটি ছেড়ে গিয়েছিল অনেক পরিবার। আবার তুমুল যুদ্ধের মধ্যেও কিছু মানুষ ঘর ছাড়েনি। সাময়িকভাবে যুদ্ধ থামার পর কিছু কিছু পরিবার শহরে ফিরে এসেছে। যুদ্ধক্ষেত্র হলেও এ যে তাদেরই শহর। জন্মস্থান ছেড়ে কোথায় যাবে তারা! যুদ্ধের ভারী জঞ্জাল সরিয়ে নতুন করে সংসার সাজানোর স্বপ্নে বিভোর হোমসের ওই পরিবারগুলো। ধ্বংসস্তূপের মধ্যেই ফুটবে জীবনের ফুল।
যুদ্ধবিধ্বস্ত হোমসে এখন বেসুরে বাজে গাড়ির হর্ন। বাইসাইকেলের ক্রিং ক্রিং ঘণ্টা। মোটরসাইকেলের ইঞ্জিনের গর্জন। ভারী ট্রাকের সশব্দে আসা-যাওয়া।
সড়ক থেকে সরানো হচ্ছে ধ্বংসাবশেষ। বিধ্বস্ত ভবনে চলছে নতুন করে বসতি গড়ার আয়োজন। এই আয়োজনে ব্যস্ত মানুষগুলোর মধ্যে একজন ২০ বছর বয়সী মোহাম্মদ। বাড়ির বাইরের অংশে কাজ করছিলেন তিনি। আবেগে আপ্লুত হয়ে মোহাম্মদ বলেন, ‘এটা আমাদের বাড়ি। আমাদের দেশ। এখানে জন্মেছি, বেড়ে উঠেছি। দেশের বাইরে আমরা থাকতে পারব না। নিজেদের ঘরের বাইরে আমাদের ভালো লাগে না।’

সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস। ভৌগোলিক, ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে দীর্ঘদিন ধরেই শহরটির গুরুত্ব রয়েছে। এটি সিরিয়ার অন্যতম শিল্পকেন্দ্র। দেশটির প্রধান প্রধান শহর ও বন্দরের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগেরও কেন্দ্রস্থল এই হোমস।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী যুদ্ধের অন্যতম ক্ষেত্র হয়ে ওঠে এই হোমস। এ কারণে শহরটিকে বলা হয় ‘বিপ্লবের রাজধানী’। ২০১১ সালের মার্চের মাঝামাঝি সিরিয়ায় বাশার সরকার উৎখাতের ডাক দেওয়া হয়। দেরা শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু কয়েক সপ্তাহের মধ্যে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে হোমসে। সরকারি বাহিনীর অভিযানে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। একপর্যায়ে অস্ত্র তুলে নেয় বিরোধীরা। হোমসের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়।

হোমসের প্রতিরোধ ভেঙে দিতে ২০১২ সালের ফেব্রুয়ারি-মার্চে সিরিয়ার সেনাবাহিনী অভিযান শুরু করে। এতে শত শত লোক নিহত হয়। একই বছরের মে নাগাদ ওল্ড সিটিসহ হোমসের মাত্র ১৫-২০ শতাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। হোমসের দখল নিতে ২০১৩ সালের মার্চে বড় ধরনের অভিযানে নামে সরকারি বাহিনী।

২০১৪ সালের জানুয়ারিতে একমাত্র ‘ওল্ড সিটি’ বিরোধীদের দখলে ছিল। সেখানে প্রায় তিন হাজার বেসামরিক লোক অবরুদ্ধ হয়ে পড়ে। তারা বঞ্চিত হয় খাবার, পানি, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে। সামনে যা পেয়েছে, তা-ই খেয়েছে মানুষগুলো, এমনকি ঘাসও বাদ যায়নি। অনেকেই ক্ষুধায় মারা যায়। অনেকে মারা যায় বিভিন্ন রোগে।

জাতিসংঘের মধ্যস্থতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের সঙ্গে বিদ্রোহীদের অস্থায়ী যুদ্ধবিরতি হয়। তখন ওই এলাকা থেকে এক হাজার ৪০০ জন অবরুদ্ধ অধিবাসীকে সরিয়ে আনতে সক্ষম হয় জাতিসংঘ ও রেডক্রস। কয়েক মাসের চেষ্টার পর জাতিসংঘের মধ্যস্থতায় এক চুক্তির আওতায় মে মাসে ওল্ড সিটি ত্যাগ করে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে

প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ থাকা হোমস শহরে যুদ্ধের সাময়িক সমাপ্তি ঘটেছে।

হোমসের বিদ্রোহীরা এখন ক্লান্ত, ক্ষুধার্ত। তাদের সামনে ‘যুদ্ধ’ কিংবা ‘মৃত্যু’ ছাড়া কোনো পছন্দ নেই। তা ছাড়া জাতিসংঘের চুক্তি মেনে চলার বিষয়ে বিদ্রোহীদের মধ্যে বিভক্তি আছে। তাই যেকোনো সময় শহরটিতে বিদ্রোহীরা ফিরে আসতে পারে। আবারও সেখানে বেঁধে যেতে পারে রক্তক্ষয়ী যুদ্ধ।

যুদ্ধের ঝুঁকি মাথায় নিয়েই আগে থেকে হোমসে থাকা এবং পরে ফিরে আসা পরিবারগুলো জীবন গড়তে মরিয়া। তবে তা ততটা সহজ নয়। হোমসে এখন যুদ্ধ নেই। কিন্তু যুদ্ধের ছাপ সর্বত্র। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী। ভবনগুলো বিধ্বস্ত। কোনোটির দেয়াল নেই, কোনোটির ছাদ গেছে উড়ে। আসবাবপত্র লন্ডভন্ড। পানি নেই, নেই বিদ্যুৎ। জীবন সেখানে রূঢ়। এমন অবস্থায় চাইলেও অনেক পরিবার শিগগিরই শহরটিতে ফিরতে পারছে না। কিন্তু এ জীবন তো তারা চায়নি।

নতুন জীবনের সন্ধানে ২০০৬ সালে যুক্তরাষ্ট্র থেকে সিরিয়ায় ফেরেন আমজাদ মানসুর। হোমসে বসতি গড়ে বেছে নেন সংগীতের যন্ত্র বিক্রির পেশা। বিয়ের পর তাঁর ঘরে সন্তানও এসেছে। কিন্তু যুদ্ধে তাঁর জীবন ও পরিবার বিপর্যস্ত। এখন মানসুরের মনে হয়, কেন মিছেমিছি দেশে ফেরা! কোনো ভবিষ্যৎ নেই দেশে। আবার যুদ্ধ শুরু হতে পারে।

যুদ্ধে ক্ষতিগ্রস্ত দোকানে বসে পিয়ানোতে করুণ সুর তোলেন মানসুর। এই সুর তাঁর দেশেরই অব্যক্ত বেদনার প্রতিধ্বনি। কী সুর এটা—জানতে চাইলে তাঁর জবাব, ‘হৃদয়ের কথা বলতে পারি না।’

মানসুরের দোকানের বাইরে একটি পানির ট্যাংকার সচল হয়ে ওঠে। ধ্বংসের শহর হোমসে যাঁরা নতুন করে জীবন সাজাতে অনড়, তাঁদের জন্য আসছে—পানি।

সূত্র: বিবিসি