আবার চালু হলো মাল্টিপ্ল্যানের কম্পিউটার বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের বহুতল বিপণিবিতান মাল্টিপ্ল্যান সেন্টারে অগ্নিকাণ্ডের পর আবারও চালু হলো কম্পিউটার বাজার। ২০ এপ্রিল ভয়াবহ এক অগ্নিকাণ্ডে এই বাজারে থাকা কম্পিউটার পণ্য বিক্রেতা-প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার থেকে খোলা হয়েছে মাল্টিপ্ল্যান সেন্টার। তবে শুক্রবার থেকে ক্রেতা সাধারণের জন্য মার্কেট খুলে দেওয়া হয়েছে। এ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকান খোলা ছিল।দোকান খোলার পর থেকেই অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে পরিবেশ। ক্রেতারাও আসছেন। বাংলাদেশ মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির প্রেসিডেন্ট তৌফিক এহসান বলেন, ‘আমরা বেশ দ্রুত দোকানগুলো চালু করতে পেরেছি। এরই মধ্যে প্রতিটি তলার বাতিগুলো সচল করা হয়েছে। তা ছাড়া আগুনে বিদ্যুতের তার পুড়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ রাখা হচ্ছে। এই কয় দিনে যেটুকু ক্ষতি হলো আশা করছি তা ব্যবসায়িরা পুষিয়ে নিতে পারবেন।’অগ্নিকাণ্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং বিদ্যুতের তার। সূত্রমতে ধারণা করা হচ্ছে, আগুনটি লাগে ভবনের তৃতীয় তলার একটি খাবারের দোকানের কেরোসিনের চুলা থেকে। ঘটনায় দোকান বা অফিসগুলোর কোনো ক্ষতি হয়নি। ‘অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দুই সপ্তাহের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে’ জানান তৌফিক এহসান। —হাসান ইমাম